রাজ্যের খবর

শ্মশানে ঠিক কী ঘটেছিল সেদিন? নির্মল গ্রেফতার হতেই খড়দহ থানায় অভয়ার বাবার গোপন জবানবন্দি!

একই দিনে শ্মশানঘাটে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে নিজের গোপন জবানবন্দি দিতে থানায় উপস্থিত হন অভয়ার বাবা।

Truth of Bengal: অভয়া হত্যাকাণ্ডে শ্মশানঘাটের ঘটনা ঘিরে তৈরি হওয়া রহস্যের তদন্তে মিলল বিরাট সাফল্য। ওড়িশা থেকে ট্রানজিট রিমান্ডে খড়দহ থানায় নিয়ে আসা হলো প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। একই দিনে শ্মশানঘাটে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে নিজের গোপন জবানবন্দি দিতে থানায় উপস্থিত হন অভয়ার বাবা।

অভিযুক্ত নির্মল ঘোষ গ্রেপ্তার হতেই খড়দহ থানার বাইরে স্থানীয় উৎসুক জনতা আনন্দে মেতে ওঠেন। এমনকি রাস্তার ওপর ডিজে বাজিয়ে বহু মানুষকে নাচতেও দেখা যায়। কিন্তু বারাকপুর মহকুমা আদালতে পেশের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আগেই আশঙ্কা করেছিল পুলিশ প্রশাসন। তাই কড়া নিরাপত্তায় নির্মল ঘোষের মাথায় হেলমেট পরিয়ে থানা থেকে বের করা হয়। তবে তাতেও ক্ষুব্ধ জনতার রোষ এড়ানো যায়নি। থানার সামনে অপেক্ষারত ভিড় থেকে প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে ডিম ও জুতোর মালা ছুড়ে মারা হয়, এমনকি ধাক্কাধাক্কি ও চড়-লাথি মারার চেষ্টা পর্যন্ত করা হয়।

উল্লেখ্য, গত ৯ আগস্ট অভয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পানিহাটিতে আয়োজিত এক কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনার পুনর্তদন্তের নির্দেশ দিয়েছিলেন। ওই রাতে শ্মশানঘাটে ঠিক কী ঘটেছিল, তা বারাকপুরের পুলিশ কমিশনারকে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখার কথা জানান তিনি। একই সাথে নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় ও সোমনাথ দে-র বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখার কথা বলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অভয়ার বাবা থানায় লিখিত এফআইআর (FIR) দায়ের করেন।

অভিযোগ দায়েরের মাত্র দু’দিনের মাথায় ওড়িশার বালেশ্বর জেলার সিমুলিয়া থানা এলাকার একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় নির্মল ঘোষকে। পুলিশের নজর এড়াতে তিনি নিজের পুরোনো মোবাইল নম্বর বন্ধ করে দিয়েছিলেন। তবে রাজ্য পুলিশ আধুনিক ট্র্যাকিং ও মোবাইল টাওয়ার লোকেশনের সাহায্যে স্থানীয় ওড়িশা পুলিশের সহযোগিতায় ওই হোটেলে অভিযান চালিয়ে তাঁকে পাকড়াও করে। ওড়িশা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে তাঁকে খড়দহে আনা হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার রাতে এই কাণ্ডে যুক্ত অভয়ার প্রতিবেশী সঞ্জয় মুখোপাধ্যায়কেও পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার নির্মল ঘোষ ও সঞ্জয় দুজনকেই বারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। নির্মল ঘোষের মতো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের পতন ও গ্রেপ্তারিতে সন্তোষ প্রকাশ করেছেন অভয়ার মা এবং তিনি সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন। পুলিশি সূত্রের খবর, বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে অভয়ার বাবা-মায়ের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে।

Related Articles