ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশের কাসগঞ্জে, মাটি ধসে মৃত ৪, আরও বহু চাপা পড়ার আশঙ্কা
Terrible accident in Kasganj of Uttar Pradesh, 4 dead due to landslide, many more are feared to be buried

Truth Of Bengal: উত্তরপ্রদেশের কাসগঞ্জে মাটি খোঁড়ার সময় ধস নেমে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন মহিলা। খবর অনুযায়ী, আরও বহু মানুষ মাটির নিচে চাপা পড়ে রয়েছেন। ঘটনাস্থল থেকে ৫ জনকে উদ্ধার করা হলেও তাঁদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও উদ্ধারকারী দল, দ্রুতগতিতে চলছে উদ্ধারকাজ।
#WATCH | Uttar Pradesh: A large mound of soil collapsed in Kasganj, trapping a few women under it. The women had come there to collect soil for their houses. Details awaited. pic.twitter.com/0X412QN5K6
— ANI (@ANI) November 12, 2024
জানা গেছে, দেওথান উৎসব উপলক্ষে বাড়ি ও উনুন রং করার রীতি রয়েছে মহিলাদের। এই উপলক্ষে মঙ্গলবার সকাল ৬টা নাগাদ হলুদ মাটি সংগ্রহ করতে কতোয়ালি সদর এলাকার মোহনপুর গ্রামে গিয়েছিলেন মহিলারা। মাটি খোঁড়ার সময় হঠাৎ ধস নামলে এক ডজনেরও বেশি মহিলা ও শিশু চাপা পড়েন। ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয় এবং ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।
উদ্ধারকাজ খতিয়ে দেখতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন কাসগঞ্জের জেলা শাসক মেধা রুপম ও পুলিশ সুপার অর্ণব রজক। তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঠিক কতজন মাটির নিচে চাপা পড়ে রয়েছেন তা এখনও পরিষ্কার নয়। যত দ্রুত সম্ভব তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত মাটি খোঁড়ার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পর শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক্স হ্যান্ডেলে তিনি মৃতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন এবং দ্রুত উদ্ধারকাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।






