দেশ

‘আমরা আলাদা!’ তসলিমা নাসরিনের অভিযোগ ওড়ালেন অভিজিৎ

‘ককরোচ’ প্রতিষ্ঠাতার বিরুদ্ধে রাজনৈতিক উসকানি ও বিদেশি আর্থিক মদত নেওয়ার মতো একাধিক অভিযোগ ঘিরেও সরগরম রাজনৈতিক মহল।

Truth of Bengal: ভারতে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আন্দোলনকে বাংলাদেশ ও নেপালের ছাত্র আন্দোলনের সঙ্গে তুলনা করে বিতর্কিত মন্তব্য করেছিলেন লেখিকা তসলিমা নাসরিন। তাঁর দাবি ছিল, ছাত্ররা কোথাও জমায়েত বা আন্দোলন করলেই তার পরিণতি সবসময় ভালো হয় না। কলকাতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি জানান, সিজেপি-র আন্দোলনের দৃশ্য দেখে তাঁর ২০২৪ সালের বাংলাদেশের ছাত্র অভ্যুত্থানের কথা মনে পড়ে গিয়েছিল—যা পরবর্তীতে উগ্রপন্থীদের দখলে চলে যায়। তসলিমার এই অভিযোগ ও আশঙ্কার কড়া জবাব দিয়ে এবার মুখ খুললেন সিজেপি-র মুখ্য সংগঠক অভিজিৎ দীপকে।

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তসলিমার বক্তব্য খারিজ করে অভিজিৎ স্পষ্ট জানান, বাংলাদেশ বা নেপালের পরিস্থিতির সঙ্গে দিল্লির যন্তর মন্তরের তুলনা টানা হচ্ছে স্রেফ তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য। ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন হিসেবে যাত্রা শুরু করলেও দেশজুড়ে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের পর তাঁদের দায়িত্ব অনেক বেড়েছে এবং শিগগিরই সংগঠনের পরিসর আরও বড় করা হবে। পাশাপাশি নিট (NEET) পরীক্ষার প্রশ্ন ফাঁসে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ না দিলে আবারও বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

অন্যদিকে, ‘ককরোচ’ প্রতিষ্ঠাতার বিরুদ্ধে রাজনৈতিক উসকানি ও বিদেশি আর্থিক মদত নেওয়ার মতো একাধিক অভিযোগ ঘিরেও সরগরম রাজনৈতিক মহল। এমনকি বাবার সামান্য আয়ে বিদেশে উচ্চশিক্ষার খরচ নিয়ে তথ্য জানার অধিকার আইনে (RTI) প্রশ্ন উঠলে সোজাসাপটা জবাব দেন অভিজিৎ। তিনি সাফ জানান, বাবার টাকায় নয়, বরং নিজের মেধার জোরে স্কলারশিপ বা বৃত্তি পেয়েই তিনি আমেরিকায় পড়াশোনা করেছেন এবং প্রয়োজনে তার প্রমাণ ও সার্টিফিকেট দেখাতেও তিনি প্রস্তুত। ফলে তসলিমা নাসরিনের তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন এই যুব নেতা।

Related Articles