কলকাতা

রাজাবাজার থেকে বেলেঘাটা—নজরে ৫০টি বেআইনি বহুতল! কলকাতায় সিবিআই তদন্তের নির্দেশ হাই কোর্টের!

আগামী ১৪ অক্টোবরের মধ্যে প্রাথমিক তদন্তের রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে

Truth of Bengal: কলকাতায় বেআইনি বহুতল নির্মাণকে ঘিরে উঠল কোটি কোটি টাকার কালো টাকা সাদা করার বিস্ফোরক অভিযোগ। সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে এবার সরাসরি সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আগামী ১৪ অক্টোবরের মধ্যে প্রাথমিক তদন্তের রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। রাজাবাজার, মানিকতলা, বেলেঘাটা থেকে ক্যানাল স্ট্রিট—শহরের বিভিন্ন এলাকায় এমন অন্তত ৫০টি বেআইনি বহুতল আদালতের নজরে এসেছে। শুক্রবার প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানিতে বেআইনি নির্মাণের নেপথ্যে আর্থিক লেনদেন নিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

আদালতের পর্যবেক্ষণ, রিয়েল এস্টেট ব্যবসার মাধ্যমে বিপুল পরিমাণ কালো টাকা সাদা করার সম্ভাবনা রয়েছে। এমনকী, কোটি কোটি টাকার বেআইনি লেনদেনের বিষয়টি কলকাতা পুরসভার অজানা থাকার কথা নয় বলেও মনে করছে আদালত। তা সত্ত্বেও কীভাবে একের পর এক বেআইনি বহুতল তৈরি হল, সেই প্রশ্নও তুলেছে প্রধান বিচারপতির বেঞ্চ।আদালতের আরও প্রশ্ন, সবকিছু জানা সত্ত্বেও কেন কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি? এই বেআইনি নির্মাণের ঘটনায় কলকাতা পুরসভার কোনও আধিকারিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন কি না, সেটিও তদন্তের আওতায় আনার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে হাই কোর্ট।

শুনানিতে সিবিআই আদালতকে জানায়, মামলাকারীর তরফে সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু পূর্বতন রাজ্য সরকারের কাছ থেকে তদন্তের প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় সিবিআই কোনও পদক্ষেপ করতে পারেনি। তবে হাই কোর্টের স্পষ্ট বক্তব্য, বেআইনি নির্মাণের আড়ালে যদি বিপুল অঙ্কের কালো টাকার লেনদেন এবং প্রভাবশালী ব্যক্তিদের যোগসাজশের অভিযোগ থাকে, তাহলে বিষয়টি দ্রুত তদন্ত করা জরুরি। এই পরিস্থিতিতে আদালতের নির্দেশেই সিবিআই তদন্ত শুরু করতে পারবে। একই সঙ্গে তদন্তের ক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থাকে প্রয়োজনীয় আইনি এক্তিয়ারও দিয়েছে কলকাতা হাই কোর্ট। আগামী ১৪ অক্টোবরের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা পড়ার পরই তদন্তের পরবর্তী গতিপথ স্পষ্ট হতে পারে।

Related Articles