ডলারের সামনে ফের ধরাশায়ী টাকা, রেকর্ড পতনে উদ্বেগ বাড়ল বাজারে
গত ১২ মে এক ডলারের দাম পৌঁছেছিল ৯৫.৫৮ টাকায়। সোমবার ফের নতুন রেকর্ড গড়ে তা পৌঁছল ৯৬.২৫ টাকায়
Truth of Bengal: সেঞ্চুরির দিকে আরও একধাপ এগিয়ে গেল ডলারের নিরিখে টাকার দাম। সোমবার বাজার খুলতেই ফের সর্বকালীন রেকর্ড গড়ল ভারতীয় মুদ্রা। এদিন এক মার্কিন ডলারের দাম দাঁড়ায় ৯৬.২৫ টাকা। অর্থাৎ একদিনেই আরও ৪৪ পয়সা পড়ে গেল টাকার মূল্য। আন্তর্জাতিক অস্থিরতা, মধ্যপ্রাচ্যের সামরিক সংঘাত এবং অপরিশোধিত তেলের লাগামছাড়া দামের জেরেই টাকার উপর চাপ বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের। একইসঙ্গে বড় ধাক্কা খেয়েছে দেশের শেয়ার বাজারও। গত ৪ মার্চ প্রথমবার যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ডলারের দাম ৯২ টাকার গণ্ডি পেরোয়। তখন এক ডলারের দাম হয়েছিল ৯২.১৭ টাকা। তারপর থেকেই কার্যত লাগাতার দুর্বল হয়েছে ভারতীয় মুদ্রা। গত ১২ মে এক ডলারের দাম পৌঁছেছিল ৯৫.৫৮ টাকায়। সোমবার ফের নতুন রেকর্ড গড়ে তা পৌঁছল ৯৬.২৫ টাকায়।
বিশেষজ্ঞদের মতে, ইরান-আমেরিকা সংঘাত এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধিই এই পতনের মূল কারণ। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে যৌথ হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। দীর্ঘ দেড় মাসের সংঘর্ষের পর আপাতত যুদ্ধবিরতিতে সম্মত হলেও স্থায়ী শান্তির পথে এখনও বড়সড় অনিশ্চয়তা রয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী ঘিরে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হওয়ায় তার সরাসরি প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতে। যদিও পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র ও আরবিআই ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ শুরু করেছে বলে জানা গিয়েছে।
শুধু মুদ্রাবাজার নয়, আন্তর্জাতিক অস্থিরতার ধাক্কা লেগেছে শেয়ার বাজারেও। সোমবার বাজার খুলতেই প্রায় ৯৫০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। বড় পতন দেখা যায় নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতেও। পরে কিছুটা ঘুরে দাঁড়ালেও সকাল সাড়ে দশটা নাগাদ সেনসেক্স ৬৪৫ পয়েন্ট নেমে দাঁড়ায় ৭৪,৫৯২.৯৯-এ। একই সময়ে নিফটি ২০৬.৩০ পয়েন্ট পড়ে দাঁড়ায় ২৩,৪৩৭.২০-তে। ব্যাঙ্ক নিফটিও ৬৮৫.৬০ পয়েন্ট পতনের জেরে নেমে আসে ৫৩,০২৪.৭৫-এ।




