দেশ

রেকর্ড এনকাউন্টার! দুষ্কৃতীদের বিরুদ্ধে নজিরবিহীন অভিযান যোগী রাজ্যে

যারা নিহত হয়েছেন তাদের মধ্যে কারও মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা, কারও ১ লক্ষ।

Truth Of Bengal: এক কথায় নজিরবিহীন । অপরাধ দমনে উত্তর প্রদেশ পুলিশের অভাবনীয় সাফল্য। উত্তরপ্রদেশে দুষ্কৃতী দমন অভিযানে তীব্রতা বাড়িয়েছে যোগী সরকারের পুলিশ প্রশাসন। রাজ্যে অপরাধ নিয়ন্ত্রণে রাখতে শুরু হয়েছে বিশেষ অভিযান ‘অপারেশন ল্যাংড়া’। গত ১০ দিনে উত্তর প্রদেশে হয়েছে ২০টি এনকাউন্টার। সেইসঙ্গে পুলিশের গুলিতে নিহত ১০ কুখ্যাত দুষ্কৃতী। পুলিশ সূত্রে খবর, গত ৪৮ ঘণ্টায়ই ঘটেছে ২০টি সংঘর্ষের ঘটনা। যারা নিহত হয়েছেন তাদের মধ্যে কারও মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা, কারও ১ লক্ষ। শুধু নিকেশ-ই নয়, অপারেশন ল্যাংড়া-তে বহু দুষ্কৃতীকে জখম করে গ্রেফতার করেছে পুলিশ।

লখনউতে ধর্ষণে অভিযুক্ত এক দুষ্কৃতীকে নিকেশ করেছে পুলিশ। গাজিয়াবাদে নিকেশ খুনে অভিযুক্ত এক দুষ্কৃতী। উত্তর প্রদেশের প্রায় সর্বত্রই গত ২ দিন ধরে ব্যাপক ধরপাকড় চলছে। বুলন্দশহর, বাগপত, বালিয়া, আগ্রা- বাদ নেই কোনও শহর।  মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ‘জিরো টলারেন্স’  নীতি অনুযায়ীই এই অভিযান চলছে বলে জানানো হয়েছে।পুলিশ জানিয়েছে, কয়েক দিন আগে কৌশাম্বী জেলায় এক নববিবাহিতাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে অভিযুক্ত প্রেমিককে ৪৮ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয়। পালানোর চেষ্টা করলে তার পায়ে গুলি করা হয়। একইভাবে ৯ অক্টোবর রবার্টসগঞ্জ জেলায় তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ, সংঘর্ষে জখম হয় তারা।

৮ অক্টোবর বরেলীর কাসগঞ্জে পুলিশের গুলিতে নিহত হয় এক দুষ্কৃতী।একাধিক এনকাউন্টারের পর আতঙ্কে বেশ কয়েকজন দুষ্কৃতী বিভিন্ন থানায় আত্মসমর্পণও করেছে বলে জানিয়েছে রাজ্য পুলিশ।সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত আট বছরে উত্তরপ্রদেশে মোট ১৪,৯৭৩টি এনকাউন্টার হয়েছে, যার মধ্যে নিহত হয়েছে ২৩৯ জন দুষ্কৃতী।বিশেষজ্ঞ মহলের মতে, এই অভিযান যোগী সরকারের অপরাধ দমনে কঠোর অবস্থানেরই প্রমাণ দিচ্ছে।

Related Articles