OBC Verdict: ওবিসি সার্টিফিকেট মামলায় বড় মোড়! হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্যের আবেদন
সেই রায়ের বিরুদ্ধে রাজ্যের আবেদন এবার শীর্ষ আদালতে শুনানির জন্য তালিকাভুক্ত হতে চলেছে।
Truth of Bengal: পশ্চিমবঙ্গে ২০১০ সালের ৯ ডিসেম্বরের পর থেকে ইস্যু হওয়া সমস্ত ওবিসি (OBC) শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে রাজ্যের আবেদন এবার শীর্ষ আদালতে শুনানির জন্য তালিকাভুক্ত হতে চলেছে। জানা গেছে, সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার, রাজ্যের আইনজীবী কপিল সিব্বল প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে মামলাটি চলতি সপ্তাহেই শুনানির জন্য আবেদন করেন। কিন্তু প্রধান বিচারপতি জানান, মামলাটির শুনানি নভেম্বরের ৫ তারিখে হবে (OBC Verdict)।
কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ঐতিহাসিক এই রায় ঘোষণা করেছিল। তাদের নির্দেশ অনুসারে, ২০১০ সালের ৯ ডিসেম্বর থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যের দেওয়া লক্ষ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়। হাইকোর্টের এই রায়ের পরই রাজ্য সরকার এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানায় এবং সেই মোতাবেক শীর্ষ আদালতে মামলা দায়ের করা হয়। তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে রাজ্য এই বিষয়ে আবেদন জানিয়েছিল, তবে সেই মামলার নিষ্পত্তি হয়নি (OBC Verdict)।
হাইকোর্টের রায় ঘোষণার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, “কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী বলে চলেছেন তফসিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে। এটা কখনও হতে পারে? তাহলে সংবিধান ভেঙে দিতে হয়। আজ শুনলাম কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে। যদিও তার রায় আমি মানি না।” তিনি হাইকোর্টের রায়কে ‘বিজেপির রায়’ বলেও উল্লেখ করেছিলেন এবং জানিয়েছিলেন, “ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে।” এখন সবার নজর সুপ্রিম কোর্টের দিকে, যেখানে ৫ নভেম্বর এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে (OBC Verdict)।






