বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা হিসেবে ইউটিউবে গড়লেন অবিশ্বাস্য রেকর্ড
প্রথম রাষ্ট্রনেতা হিসেবে ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা তিন কোটি ছাড়িয়েছে
Truth of Bengal: ডিজিটাল দুনিয়ায় আরও এক রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইনস্টাগ্রামের পর এ বার ইউটিউবেও জনপ্রিয়তার শিখরে পৌঁছোলেন তিনি। বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা হিসেবে ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা তিন কোটি ছাড়িয়েছে। ফলে রাষ্ট্রনেতাদের মধ্যে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবড ইউটিউব চ্যানেলের মালিক এখন মোদি। ডিজিটাল প্ল্যাটফর্মে ফলোয়ারের নিরিখে মোদির পরেই রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো। যদিও তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা মোদির মোট সংখ্যার প্রায় এক-চতুর্থাংশ।
ভারতের রাজনীতিকদের মধ্যে ইউটিউবে মোদির পরেই রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামেও ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছিলেন মোদি। বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা হিসেবে সেখানে ১০ কোটি ফলোয়ার ছুঁয়েছেন তিনি। ওই প্ল্যাটফর্মে তাঁর পরেই রয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো (১ কোটি ৫০ লক্ষ)। তার পর ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিয়ো লুলা দ্য ডি’সিলভা (১ কোটি ৪৪ লক্ষ), তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এর্দোয়ান (১ কোটি ১৬ লক্ষ) এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জ্যাভিয়ের মিলেই (৬৪ লক্ষ)।দেশের রাজনীতিতেও ইনস্টাগ্রামে জনপ্রিয়তার নিরিখে অনেককে পিছনে ফেলেছেন মোদি।
জাতীয় স্তরে তাঁর পরেই রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (১ কোটি ৬১ লক্ষ), তার পর রাহুল গান্ধি (১ কোটি ২৬ লক্ষ)।উল্লেখ্য, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলেন মোদী। গত এক দশকে সমাজমাধ্যমে তাঁর সক্রিয়তা এবং উপস্থিতি ক্রমশ বেড়েছে। ইউটিউবেও তিন কোটির গণ্ডি পেরিয়ে ডিজিটাল জনপ্রিয়তার নিরিখে আরও এক নজির স্থাপন করলেন তিনি।






