রাজ্যের খবর

রঙে রাঙা নদিয়া! মায়াপুরে ৫৪০তম আবির্ভাব তিথিতে মহোৎসব

দেশ-বিদেশ থেকে আগত ভক্তদের সমাগমে মুখরিত শ্রীধাম।

মাধব দেবনাথ, নদিয়া: কৃষ্ণের নাম নিলেই চোখের সামনে ভেসে ওঠে নবদ্বীপের মায়াপুর। শুধুমাত্র রাজ্য বা দেশ নয়, বিশ্বের সব জায়গা থেকে সারা বছরই বিদেশি পর্যটকদের আনাগোনা লেগে থাকে মায়াপুরের ইসকন মন্দিরে। দোল পূর্ণিমার আবহে রঙে রাঙা নদিয়া। একদিকে আবিরে মাতোয়ারা জনজীবন, অন্যদিকে শ্রীধাম মায়াপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৪০তম আবির্ভাব তিথি উপলক্ষে মহোৎসব –  দুই মিলিয়ে উৎসবের রঙে ভরে উঠল গোটা জেলা।

মায়াপুর ইসকন মন্দির চত্বর সেজে উঠেছে বর্ণাঢ্য সাজে। দেশ-বিদেশ থেকে আগত ভক্তদের সমাগমে মুখরিত শ্রীধাম। ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, এ বছর ৩৪ দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। তার মধ্যে রয়েছে বিশ্ব বৈষ্ণব সম্মেলন, ৭২ কিলোমিটার দীর্ঘ নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, বিশ্ব শান্তি যজ্ঞ, নৌকাবিহার, বিভিন্ন ভাষায় শ্রীমদ্ভাগবত পাঠ ও আলোচনা সভা। পাশাপাশি আধ্যাত্মিক সেমিনার এবং প্রতিদিন ভক্তদের জন্য বিনামূল্যে প্রসাদ বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে বিশেষ পূজা-অর্চনা ও কীর্তনে মেতে ওঠেন ভক্তরা। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের জন্য মন্দিরে প্রবেশাধিকার অবাধ রাখা হয়েছে। উৎসব উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, দোল উৎসবে মেতে উঠেছেন নদিয়ার সাধারণ মানুষও। কোথাও শান্তিনিকেতনের আবহে বসন্তোৎসবের রঙ, কোথাও আবার রং-বেরঙের আবিরে রাঙা ৮ থেকে ৮০  সকলেই। আবির, ফুল আর কীর্তনের সুরে দোল পূর্ণিমায় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিল নদিয়া। উৎসব উপলক্ষে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের জন্য মন্দিরে প্রবেশাধিকার অবাধ রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Related Articles