ইতিহাস গড়ল কেরল: দেশের প্রথম রাজ্য হিসেবে চরম দারিদ্র থেকে সম্পূর্ণ মুক্ত হল কেরল
সরকারি পরিসংখ্যান অনুযায়ী,৮৫ হাজারের বেশি নাগরিককে দেওয়া হয়েছে মাথার উপরে ছাদ।
Truth Of Bengal: ইতিহাস গড়ল বামশাসিত কেরল। দেশের প্রথম রাজ্য হিসেবে চরম দারিদ্র থেকে সম্পূর্ণ মুক্ত হল ‘গডস ওন কান্ট্রি’। শনিবার কেরলের ৬৯তম প্রতিষ্ঠা দিবস তথা ‘কেরল পিরাভি’-র দিন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই ঐতিহাসিক ঘোষণা করেন বিধানসভায় দাঁড়িয়ে। সেইসঙ্গে কোন কোন পদক্ষেপে এই সাফল্য এসেছে, রাজ্যকে দারিদ্রমুক্ত করার জন্য তিনি কী কী করেছেন, তা-ও জানিয়েছেন। যদিও বাম সরকারের এই দাবি মানতে নারাজ বিরোধীরা।
বিজয়ন বলেন, ‘ আজকের দিনটি কেরলের ইতিহাসে এক মাইলফলক। আমরা কেরলকে চরম দারিদ্র্যমুক্ত প্রথম ভারতীয় রাজ্যে পরিণত করতে সফল হয়েছি। এই বিধানসভা বহু ঐতিহাসিক সিদ্ধান্তের সাক্ষী থেকেছে, আজ সেই তালিকায় যুক্ত হল আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।‘ তিনি জানান, ২০২১ সালে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ‘চরম দারিদ্র দূরীকরণ’-কে অগ্রাধিকারের তালিকায় রাখা হয়েছিল। সেই অনুযায়ী শুরু হয় ‘এক্সট্রিম পভার্টি ইরাডিকেশন প্রজেক্ট’ । প্রায় এক হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগে রাজ্যের ২০,৬৪৮টি পরিবারের জন্য দৈনন্দিন খাদ্য, চিকিৎসা, ওষুধ ও আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী,৮৫ হাজারের বেশি নাগরিককে দেওয়া হয়েছে মাথার উপরে ছাদ। ২৭০০ গৃহহীন পরিবারকে নতুন বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে।৫ হাজারেরও বেশি বাড়ি মেরামত করা হয়েছে এবং আরও সাড়ে পাঁচ হাজার বাড়ি নির্মাণাধীন।২১,২৬৩ জন নাগরিককে রেশন ও আধার কার্ডের পাশাপাশি দেওয়া হয়েছে পেনশন সুবিধা।রাজ্যজুড়ে ৬৪ হাজারেরও বেশি সংবেদনশীল পরিবারকে চিহ্নিত করে তৈরি হয়েছে পৃথক মাইক্রো-প্ল্যান।কেরলের স্বনির্ভর মন্ত্রী এম.বি. রাজেশ জানান, রাজনৈতিক মতপার্থক্য ভুলে শাসক-বিরোধী সকলের সমন্বয়েই এই সাফল্য সম্ভব হয়েছে। বিরোধীরা যেখানে ক্ষমতায়, সেখানেও সমান গুরুত্ব দিয়ে কাজ হয়েছে।তবে বাম সরকারের এই দাবি মানতে নারাজ বিরোধীরা। কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোটের অভিযোগ, সরকারের এই ঘোষণা সম্পূর্ণ ভুয়ো। বিজয়নের ঘোষণার পরই তারা বিধানসভার অধিবেশন বয়কট করে প্রতিবাদ জানায়। উল্লেখ্য, কেরলই ভারতের প্রথম রাজ্য যা একশো শতাংশ স্বাক্ষরতা, সম্পূর্ণ বিদ্যুতায়ন এবং ডিজিটাল শিক্ষিত রাজ্যের মর্যাদা অর্জন করেছে। এবার সেই তালিকায় যুক্ত হল নতুন পালক—‘চরম দারিদ্র্যমুক্ত রাজ্য’ হিসেবে ইতিহাস গড়ল কেরল।চিনের পর কেরলই বিশ্বের দ্বিতীয় প্রশাসনিক অঞ্চল যেখানে সরকারিভাবে ‘চরম দারিদ্র নির্মূল’-এর ঘোষণা করা হয়।






