পাথর ব্যবসায়ীকে গুলি করে খুন, এলাকায় শোক ও আতঙ্ক
পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
Truth Of Bengal: পাথর ব্যবসায়ীকে গুলি করে খুন। এই ঘটনায় ঝাড়খণ্ডের পাকুর থানার অন্তর্গত লক্ষণপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম মকবুল শেখ (৫৫)। স্থানীয় সূত্রে খবর, পুরনো গ্রাম্য বিবাদকে কেন্দ্র করেই এই খুনের ঘটনা ঘটেছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ মকবুল শেখ চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় পিছন থেকে স্থানীয় লালন শেখ তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।
গুলিবিদ্ধ হয়ে রাস্তাতেই লুটিয়ে পড়েন মকবুল। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে পাকুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে যাওয়ার পথে ফের শারীরিক অবস্থা খারাপ হলে তাঁকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতের পরিবারের সদস্য তোতা শেখ জানান, লালন শেখের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। সেই রাগ থেকেই এই খুন।ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পাকুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত লালন শেখ-সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে, বলে জানিয়েছে পুলিশ।স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরেই ছোটখাটো বিবাদ এবং পাথর ব্যবসাকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।






