Jammu Floods: কিস্তওয়ারের পর এবার ডোডা, মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর
চলতি বর্ষার মরসুমে প্রচুর বৃষ্টি হচ্ছে জম্মু-কাশ্মীর জুড়ে।
Truth of Bengal: আবার মেঘভাঙা বৃষ্টি। আবার হড়পা বানে ভেসে গেল মানুষের ঘরবাড়ি। জম্মু-কাশ্মীরের কিস্তওয়ারের পর এবার ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের শিকার ডোডা এলাকা। বিপর্যয়ের জেরে মৃত্যু হয়েছে অন্তত ৪ জনের। বহু মানুষ নিখোঁজ বলে জানা গিয়েছে স্থানীয় প্রশাসন সূত্রে।
আরও পড়ুনঃ Land Empowerment: ঘাটাল মহকুমায় ১০৩ জন ভূমিহীন কৃষকদের পাট্টা প্রদান করা হল
চলতি বর্ষার মরসুমে প্রচুর বৃষ্টি হচ্ছে জম্মু-কাশ্মীর জুড়ে। সম্প্রতি কাঠুয়া, ডোডা, জম্মু, সাম্বা, রামবান এবং কিস্তওয়ার জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল। মঙ্গলবার দুপুরে হঠাৎ মেঘভাঙা বৃষ্টি নামে ডোডায়। ভয়ংকর বৃষ্টির জেরে আসে হড়পা বান। যার জেরে এলাকার অন্তত ১০টি বাড়ি ভেসে গিয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্যে জানা যাচ্ছে, দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে অন্তত চার জনের। একইসঙ্গে এই হড়পা বানের জেরে বহু মানুষ এখনও নিখোঁজ বলে জানা গিয়েছে। পাশাপাশি তাউই নদীর জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে বলেও প্রশাসন সূত্রে খবর।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
ডোডায় মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের জেরে ভূমিধসের ভয়ে বন্ধ রাখা হয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। ডোডা জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলি কার্যত ধ্বংস হয়ে গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। বিপদের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে। ধসপ্রবণ এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।






