দেশ

যশপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা! ট্রাক–গাড়ির সংঘর্ষে পাঁচ বন্ধুর মর্মান্তিক মৃত্যু

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহতরা সবাই বন্ধু এবং তারা কাছের একটি মেলায় অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন।

Truth Of Bengal: ছত্তিশগড়ের যশপুর জেলার দুলদুলা থানা এলাকায় রবিবার ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ট্রাক এবং একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে পাঁচজনের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহতরা সবাই বন্ধু এবং তারা কাছের একটি মেলায় অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন। ফেরার পথেই ঘটে যায় এই দুঃখজনক ঘটনা।

দুলদুলা থানা এলাকার পাত্রাতোলি গ্রামের কাছে দ্রুতগতিতে আসা ট্রাক ও গাড়ির তীব্র সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে, গাড়িটি প্রায় দুমড়েমুচড়ে যায়। স্থানীয় মানুষজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং গাড়ির অংশ কেটে মৃতদেহগুলি উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পাঠান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন, রামপ্রসাদ যাদব (২৬), উদয় কুমার চৌহান (১৮), সাগর ত্রিকি (২২), দীপক প্রধান (১৯) এবং অঙ্কিত টিগ্গা (১৭)। সবাই দুলদুলা থানার বাসিন্দা এবং একে অপরের ঘনিষ্ঠ বন্ধু।

এই দুর্ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে ভাঙচুর করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ট্রাক চালক এবং খালাসিকে এখনও গ্রেফতার করা যায়নি। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

অন্যদিকে, এলাকাবাসীরা দাবি করেছেন—এই সড়কে বারবার দুর্ঘটনা ঘটায় অবিলম্বে অতিরিক্ত নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হোক।

Related Articles