হিমাচলের মন্ডীতে মেঘভাঙা বৃষ্টতে মৃত ৪, নিখোঁজ বহু
মঙ্গলবার সকালে হিমাচলের মন্ডী জেলার করসোগ এলাকায় পরপর চারবার মেঘভাঙা বৃষ্টি হওয়ার পর থেকেই পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।
Truth of Bengal: গত কয়েকদিন ধরে হিমাচল প্রদেশে অবিরাম ভারী থেকে অতি ভারী বর্ষণের জেরে ভয়াবহ রূপ নিয়েছে প্রাকৃতিক দুর্যোগ। একাধিক জেলা জুড়ে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে দেখা দিচ্ছে হড়পা বান ও ভূমিধস। মঙ্গলবার সকালে হিমাচলের মন্ডী জেলার করসোগ এলাকায় পরপর চারবার মেঘভাঙা বৃষ্টি হওয়ার পর থেকেই পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। হঠাৎ প্রবল জলের তোড়ে একাধিক বসতবাড়ি ভেসে যায়, নিখোঁজ হন বহু মানুষ। আর তাতেই ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সেইসঅঙ্গে নিখোঁজ রয়েছেন অন্তত ১৪ জন। তল্লাশি ও উদ্ধার কাজ শুরু করেছে এনডিআরএফ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।
[আরও পড়ুনঃ Road Protest: বেহাল রাস্তায় নাভিশ্বাস গ্রামবাসীদের, রাস্তা না হলে জনপ্রতিনিধিকে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি]
জেলা প্রশাসন সূত্রে খবর, মন্ডী জেলায় চারটি আলাদা জায়গায় মেঘভাঙা বৃষ্টির ঘটনা ঘটে। প্রবল জলের তোড়ে বহু বাড়ি ও গাড়ি ভেসে যায়। পটিকারী জলবিদ্যুৎ কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপাশা নদীর জলস্তর বিপদসীমার উপরে চলে যাওয়ায় পন্ডোহ বাঁধের গেট খুলে দেওয়া হয়, যার ফলে বহু নিচু এলাকা প্লাবিত হয়। ধসের জেরে কিরতপুর-মনালী জাতীয় সড়ক বন্ধ হয়ে গেছে। অন্যান্য বেশ কিছু সড়কেও যান চলাচল বিঘ্নিত। হিমাচল রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, শুধু মন্ডী এবং সিরমৌরেই বন্ধ রয়েছে ২৫৯টি রাস্তা। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে মঙ্গলবার সমস্ত স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৬ জুলাই পর্যন্ত চম্বা, কাংড়া, কুল্লু, মন্ডী, শিমলা, সোলন, সিরমৌর জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জুন মাসেই রাজ্যে ১৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যেখানে স্বাভাবিক বৃষ্টিপাতের হার ১০১ মিলিমিটার। অতিরিক্ত বৃষ্টির ফলে রাজ্যের ১৩০টির বেশি জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং কয়েকটি অঞ্চলে জল সরবরাহ বন্ধ রয়েছে। গত ২০ জুন থেকে এই প্রাকৃতিক দুর্যোগে মোট ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। পরিস্থিতির মোকাবিলায় প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে, তবে জনসাধারণকে পাহাড়ি অঞ্চলে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।






