দেশ

শুরু অস্ত্র সমর্পণ, মেইতেইদের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল ভাল্লা

Governor Bhalla met the armed groups of Imphal in Meitei

Truth Of Bengal : অশান্তির বাতাবরণ ক্রমশ কমছে মণিপুরে। উত্তর-পূর্ব রাজ্যটিতে রাষ্ট্রপতি শাসন জারির পর থেকে অস্ত্র সমর্পণ অব্যাহত রয়েছে। বুধবার, পুলিশ জানিয়েছে, ৮৭ ধরনের অস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন জিনিসপত্র-সহ স্বেচ্ছায় আত্মসমর্পণ করছে প্রচুর সংখ্যক মানুষ। ইম্ফল পূর্ব, বিষ্ণুপুর, থৌবাল, কাংপোকপি, জিরিবাম, চুরাচাঁদপুর এবং ইম্ফল পশ্চিম জেলায় অস্ত্র সমর্পণ করা হচ্ছে।

পাশাপাশি মেইতেই সশস্ত্র গোষ্ঠী আরামবাই টেংগোলের একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেছেন মণিপুরের রাজ্যপাল অজয়​কুমার ভাল্লা। এরপর রাজ্যপালের প্রতিনিধি দলটি জানায়, রাজ্যপাল শান্তি বজায় রাখতে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের সাহায্য চেয়েছেন। অস্ত্র সমর্পণের বিষয়ে কিছু শর্ত নিয়ে আলোচনা করা হয়েছে।

কেন্দ্রীয় সরকার ১৩ ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের চার দিন পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বীরেন সিং ৯ ফেব্রুয়ারি রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন। রাজ্যে ২১ মাস ধরে (৩ মে ২০২৩) চলমান জাতিগত হিংসতার কারণে ৩০০ জনেরও বেশি মৃত্যু হয়েছে।

এদিন জানা গিয়েছে, ইম্ফল পশ্চিম জেলা থেকে সর্বাধিক সংখ্যক অস্ত্র সমর্পণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১২টি ম্যাগাজিন-সহ সিএমজি, দু’টি ৩০৩ ম্যাগাজিন-সহ রাইফেল, দু’টি এসএলআর ম্যাগাজিন-সহ রাইফেল, চারটি ১২ বোরের একক ব্যারেল, একটি আইইডি এবং গোলাবারুদ।

জিরিবামে পাঁচটি ১২ বোরের ডাবল ব্যারেল, একটি ৯ মিমি কার্বাইন, ম্যাগাজিন, গোলাবারুদ এবং গ্রেনেড সমর্পণ করা হয়েছে। কাংপোকিতে একটি একে ৪৭ রাইফেল, দু’টি ম্যাগাজিন, একটি .৩০৩ রাইফেল, একটি স্মিথ অ্যান্ড ওয়েসন রিভলবার, একটি .২২ পিস্তল, একটি সিঙ্গেল ব্যারেল রাইফেল, তিনটি ইম্প্রোভাইজড মর্টার, ৯টি মর্টার বোমা, গ্রেনেড এবং অন্যান্য জিনিসপত্র সমর্পণ করা হয়েছে।

পাশাপাশি বিষ্ণুপুরে ৬টি এসবিবিএল বন্দুক, একটি রাইফেল, ৩টি ডিবিবিএল, একটি ম্যাগাজিন-সহ .৩০৩ রাইফেল, একটি ম্যাগাজিন-সহ একটি কার্বাইন এসএমজি এবং ১৫টি তাজা গুলি, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম সমর্পণ করা হয়েছে। থৌবালে ১এ ম্যাগাজিন-সহ একটি সাব মেশিনগান ৯ মিমি কার্বাইন, একটি রায়ট গান এবং অন্যান্য উপকরণ সমর্পণ করা হয়েছে। ইম্ফল পূর্ব থেকে ২টি কার্বাইন, দুটি ম্যাগাজিন-সহ একটি এসএলআর, একটি তাজা রাউন্ড, ২টি স্থানীয় কার্বাইন ম্যাগাজিন, ৪টি আইএনএসএএস রাইফেল ম্যাগাজিন ও প্রচুর পরিমাণে গোলাবারুদ সমর্পণ করা হয়েছে।