দেশ

জিনস, টি-শার্ট পরে অফিসে প্রবেশ নিষেধ! নতুন পোশাকবিধি আনল রাজ্য

কর্মক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে এমন কড়াকড়ির সিদ্ধান্ত কেন?

Truth of Bengal: অফিসে নিজের পছন্দমতো পোশাক পরে যাওয়ার স্বাধীনতায় এবার লাগাম টানল অসমের হিমন্ত বিশ্বশর্মার সরকার। রাজ্য সচিবালয়ের কর্মীদের জন্য জারি করা হল নতুন পোশাকবিধি। এই নির্দেশ অনুযায়ী, জিনস, টি-শার্ট কিংবা চটি পরে আর দপ্তরে হাজির হতে পারবেন না কর্মীরা। তবে এই নিয়ম অসমের সমস্ত সরকারি কর্মচারীর জন্য নয়। আপাতত রাজ্য সচিবালয় ‘জনতা ভবন’-এ কর্মরতদের ক্ষেত্রেই এই বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। শুক্রবার থেকেই নতুন নিয়ম চালু হয়েছে বলে জানা গিয়েছে। কর্মক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে এমন কড়াকড়ির সিদ্ধান্ত কেন? জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের বক্তব্য, সম্প্রতি সচিবালয়ের কয়েকজন কর্মী এমন পোশাক পরে অফিসে আসছিলেন, যা সরকারি দপ্তরের পরিবেশের সঙ্গে মানানসই নয়। তাঁদের পোশাকের ধরন সরকারি কর্মচারীদের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলছিল। এমনকি তা নিয়ে অস্বস্তিকর পরিস্থিতিও তৈরি হচ্ছিল। সেই কারণেই কর্মীদের পোশাকের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপ-সচিব মানস জ্যোতি বরুয়ার স্বাক্ষরিত নির্দেশিকায় পুরুষ ও মহিলা কর্মীদের জন্য আলাদা করে পোশাকের ধরন উল্লেখ করা হয়েছে। পুরুষ কর্মীরা অফিসে ফরমাল ট্রাউজার ও শার্ট পরে আসতে পারবেন। পাশাপাশি কুর্তা, ধুতি কিংবা পাজামার মতো ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরার ক্ষেত্রেও কোনও বাধা নেই। মহিলাদের জন্য শাড়ি, সালোয়ার কিংবা অসমের ঐতিহ্যবাহী মেখেলা পরার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, জিনস, টি-শার্ট ও লেগিংসের মতো পোশাক সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শুধু পোশাক নয়, কর্মীদের জুতো পরার ক্ষেত্রেও নির্দিষ্ট নির্দেশ দিয়েছে সরকার। অফিসের পরিবেশের সঙ্গে মানানসই জুতো পরতে হবে। কোনওভাবেই চটি পরে দপ্তরে আসা চলবে না। পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি হালকা রঙের পোশাক বেছে নেওয়ার কথাও বলা হয়েছে।

নির্দেশিকায় আরও স্পষ্ট করে জানানো হয়েছে, সরকারি দপ্তরে কর্মরত প্রত্যেকের পোশাকে যেন শালীনতা, পেশাদারিত্ব এবং ভদ্রোচিত আচরণের প্রতিফলন থাকে। নতুন পোশাকবিধি অমান্য করলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ করা হতে পারে। অর্থাৎ, এবার থেকে জনতা ভবনে কাজে যোগ দিতে গেলে শুধু সময় মেনে অফিসে পৌঁছলেই হবে না, নজর রাখতে হবে পোশাকের দিকেও।

Related Articles