রাজ্যের খবর

“মুখও দেখব না, ও যা করেছে তার ফল পেয়েছে”, এনকাউন্টারের পর বিস্ফোরক প্রভাসের মা

ছেলের মৃত্যুর পরও কোনও আক্ষেপ নয়, বরং কড়া প্রতিক্রিয়া দিয়েছেন প্রভাসের মা

Truth of Bengal: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। বুধবার ভোরেই ছেলের মৃত্যুর খবর পান তাঁর মা সন্ধ্যা মণ্ডল। পুলিশ বাড়িতে গিয়ে তাঁকে খবর দেয় বলে জানিয়েছেন তিনি। তবে ছেলের মৃত্যুর পরও কোনও আক্ষেপ নয়, বরং কড়া প্রতিক্রিয়া দিয়েছেন প্রভাসের মা। তাঁর কথায়, “ও যা কাজ করেছে, তার ফল পেয়েছে।” সন্ধ্যা মণ্ডল স্পষ্ট জানিয়েছেন, তিনি ছেলের মুখ দেখতে চান না। এমনকি প্রভাসের দেহ আনতেও যাবেন না। তাঁর দাবি, পুলিশ ভোরে এসে জিজ্ঞাসা করে, তাঁর ছেলের নাম প্রভাস মণ্ডল কি না। তিনি হ্যাঁ বলার পর পুলিশ জানায়, তাঁর ছেলে মারা গিয়েছে। তাঁকে দেখতে যেতে চান কি না, তাও জানতে চাওয়া হয়। কিন্তু তিনি জানিয়ে দেন, তিনি ছেলেকে দেখতে চান না।

প্রভাসের মা বলেন, “আমি ওর দেহ আনতে যাব না। ওকে দেখতে চাই না। কেউ ওর দেহ আনতে যাবে না।” তিনি আরও জানান, পুলিশ তাঁর ছেলের পরিচয়পত্রও চেয়েছিল। নাবালিকার ঘটনায় ছেলের নাম জড়ানোর পর থেকেই পরিবার চরম অস্বস্তিতে ছিল বলে জানান সন্ধ্যা। তাঁর অভিযোগ, প্রভাস মায়ের কথা শুনত না এবং নেশা করত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রভাসকে বারুইপুরের সূর্যপুর এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশের দাবি, সেই সময় প্রভাস পালানোর চেষ্টা করে। পালানোর আগে এক পুলিশকর্মীর অস্ত্র ছিনিয়ে নেয় এবং এক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ। এরপর আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় প্রভাসকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

গত শনিবার বারুইপুরের সূর্যপুর এলাকা থেকে নিখোঁজ হয় এক নাবালিকা। রবিবার এলাকারই একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় তার দেহ উদ্ধার হয়। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর। অভিযোগ, নাবালিকাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। ঘটনায় প্রভাস মণ্ডল, দিবাকর সর্দার, আনন্দ সর্দার এবং কবীর মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে প্রথমে গ্রেফতার করা হয়েছিল প্রভাসকে। পুলিশ সূত্রে দাবি, প্রভাসের দেখানো জায়গা থেকেই উদ্ধার করা হয় নাবালিকার দেহ। প্রথমে প্রভাস, আনন্দ ও দিবাকরকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার করা হয় কবীর মোল্লাকে। মঙ্গলবার রাতে প্রভাসকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে যায় পুলিশ। সেই সময়ই অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা এবং পুলিশের পাল্টা গুলিতে তাঁর মৃত্যুর দাবি করেছে পুলিশ।

Related Articles