দিল্লি পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, কালো শাল জড়িয়েই বঙ্গভবনে প্রতিবাদে মুখ্যমন্ত্রী
‘ঘরের শাড়ি’ ও গায়ে একটি কালো চাদর জড়িয়েই রাস্তায় নেমে আসেন তিনি
Truth of Bengal: দিল্লির হাড়কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করে বঙ্গভবনে পুলিশি ঘেরাটোপের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে হাই-ভোল্টেজ বৈঠকের আগে দিল্লির বঙ্গভবনে যে পরিস্থিতির সৃষ্টি হয়, তাকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্য সংঘাত নতুন উচ্চতায় পৌঁছেছে।
সকালে বঙ্গভবনে ‘এসআইআর’ (SIR) ক্ষতিগ্রস্তদের পরিবারগুলোকে দিল্লি পুলিশ কার্যত ‘গৃহবন্দি’ করে রেখেছে— এমন খবর পেতেই রণংদেহী মেজাজে সেখানে পৌঁছান মমতা। প্রত্যক্ষদর্শীদের মতে, পরিস্থিতি এতটাই জরুরি ছিল যে, পোশাক পরিবর্তনের সময়টুকুও নষ্ট না করে নিজের আটপৌরে ‘ঘরের শাড়ি’ ও গায়ে একটি কালো চাদর জড়িয়েই রাস্তায় নেমে আসেন তিনি। বঙ্গভবনের সামনে দিল্লি পুলিশের বিশাল বাহিনী ও ব্যারিকেড দেখে মেজাজ হারান মুখ্যমন্ত্রী। পুলিশের এই অতি-সক্রিয়তাকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, “আমাকে দুর্বল ভাববেন না। আমি এই পোশাকেই চলে এসেছি নিজের শক্তি প্রদর্শন করতে। যদি কেউ লড়াই না করে, আমি একাই লড়ব।”
মুখ্যমন্ত্রীর অভিযোগ, বঙ্গভবনের মতো জায়গায় পুলিশ বিনা অনুমতিতে ঘরে ঘরে ঢুকে তল্লাশি চালাচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, “অমিত শাহ বাংলায় গেলে আমরা লাল কার্পেট দিই, আর আমরা দিল্লিতে এলে আমাদের জন্য ব্ল্যাক কার্পেট?” তৃণমূলের দাবি, নির্বাচন কমিশনের কাছে যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পৌঁছাতে না পারে, সেই উদ্দেশ্যেই এই পুলিশি বাধা।






