DA Rights: ডিএ মামলায় নতুন মোড়! ১০টি রাজ্যের উদাহরণ দিয়ে হলফনামা জমা দিল রাজ্য সরকার
দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএ দেওয়ার দাবি জানিয়ে আসছেন।
Truth of Bengal: সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে সুপ্রিম কোর্টে নিজেদের চূড়ান্ত বক্তব্য জানাল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল একটি হলফনামা পেশ করেন। তাতে তিনি আবারও জোরালোভাবে দাবি করেছেন যে, ডিএ সরকারি কর্মীদের কোনো মৌলিক অধিকার নয়। রাজ্যের জমা দেওয়া এই হলফনামায় মূলত এমন ১০টি রাজ্যের তালিকা উল্লেখ করা হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের মতোই উপভোক্তা মূল্য সূচক (Consumer Price Index) মেনে সরকারি কর্মীদের ডিএ দেওয়া হয় না। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির এজলাসে এই তালিকা পেশ করা হয়েছে (DA Rights)।
আরও পড়ুনঃ ২৫ তলা থেকে ঝাঁপ গিয়ে ‘আত্মঘাতী’ তরুণী! ট্যাংরায় সোরগোল
দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএ দেওয়ার দাবি জানিয়ে আসছেন। এই নিয়ে মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। এর আগে, শীর্ষ আদালত রাজ্যকে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ ৬ সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু রাজ্য সেই সময়সীমার মধ্যে ডিএ দিতে পারেনি। এরপর রাজ্য সরকার শীর্ষ আদালতের কাছে আরও সময় চেয়ে আবেদন করে। রাজ্য সরকারের মূল যুক্তি হল, মহার্ঘ ভাতা বাধ্যতামূলক নয় এবং এটি কর্মীদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। এছাড়াও, কেন্দ্র ও রাজ্যের আর্থিক পরিকাঠামো ভিন্ন হওয়ায় কেন্দ্রের ডিএ-র হারের সঙ্গে রাজ্যের তুলনা করা চলে না (DA Rights)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
অন্যদিকে, মামলাকারীদের বক্তব্য হল, নির্দিষ্ট সময় মেনে ডিএ দেওয়া সরকারের নীতির অংশ। তাদের দাবি, বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর ডিএ দিতে হবে এবং প্রয়োজনে বকেয়া মহার্ঘ ভাতা কিস্তিতে পরিশোধ করা যেতে পারে। গত ৮ সেপ্টেম্বর এই মামলার শুনানি শেষ হয় এবং বিচারপতিরা রায়দান স্থগিত রাখেন। শুনানির পরেও কোনো পক্ষের বক্তব্য থাকলে তা লিখিত আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই সোমবার রাজ্য সরকার নিজেদের চূড়ান্ত লিখিত বক্তব্য পেশ করল। এখন সুপ্রিম কোর্ট মামলাকারীদের বক্তব্য শোনার জন্য আরও এক সপ্তাহ সময় দিয়েছে, এরপরই চূড়ান্ত রায় ঘোষণা করা হবে (DA Rights)।






