কেন্দ্রীয় কর্মীদের ডিএ বাড়ল ২ শতাংশ, অনুমোদন মন্ত্রিসভার
তবে এবারের ঘোষণা কিছুটা দেরিতে হওয়ায় কর্মীদের মধ্যে অসন্তোষের কথাও শোনা যাচ্ছে।
Truth Of Bengal: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় স্বস্তির খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা ২ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে। এর ফলে এতদিন ৫৮ শতাংশ হারে ডিএ পাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা এবার থেকে ৬০ শতাংশ হারে ডিএ পাবেন। সূত্রের খবর, এই বর্ধিত ডিএ ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে। ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স মূলত মূল্যবৃদ্ধির প্রভাব সামাল দিতে দেওয়া হয়। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেলে কর্মীদের উপর আর্থিক চাপ বাড়ে। সেই চাপ কিছুটা কমাতে বছরে সাধারণত দু’বার— জানুয়ারি ও জুলাই মাসে—ডিএ সংশোধন করা হয়।
তবে এবারের ঘোষণা কিছুটা দেরিতে হওয়ায় কর্মীদের মধ্যে অসন্তোষের কথাও শোনা যাচ্ছে। সাধারণত সেপ্টেম্বরের শেষ দিকে ডিএ বৃদ্ধির ঘোষণা হয় এবং অক্টোবরের শুরুতেই বকেয়া টাকা মেটানো হয়। কিন্তু এবার বিলম্ব হওয়ায় বহু কর্মচারী সংগঠন ক্ষোভ প্রকাশ করেছে। এই ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্র ও রাজ্যের ডিএ ব্যবধান আরও বেড়ে গেল। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ২২ শতাংশ হারে ডিএ পান। চলতি বছরের অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকার ৪ শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করেছিল। ফলে তখন কেন্দ্রের সঙ্গে ডিএ-র ব্যবধান ছিল ৩৬ শতাংশ। কেন্দ্রের নতুন সিদ্ধান্তের পর সেই ব্যবধান বেড়ে দাঁড়াল ৩৮ শতাংশে।
ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত এমন সময়ে এল, যখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে অষ্টম পে কমিশন গঠনের দাবি আরও জোরালো হচ্ছে। ন্যাশনাল কাউন্সিল-জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির পক্ষ থেকে কেন্দ্রকে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে। সেখানে বেতন কাঠামো সংস্কার এবং ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির দাবি তোলা হয়েছে।






