‘বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্র’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে সরব প্রিয়াঙ্কা
প্রিয়াঙ্কা আরও বলেন, সংসদে যা ঘটেছে, তা গণতন্ত্রের জন্য বড় জয়।
Truth Of Bengal: লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ হয়নি। আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনার পারদ। এই আবহে সাংবাদিক বৈঠক করে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি ঘটনাটিকে ‘গণতন্ত্রের বড় জয়’ বলে আখ্যায়িত করেন। সেইসঙ্গে তিনি বলেন, এনডিএ প্রথমবার ধাক্কা খেয়েছে। এটা ওদের জন্য কালো দিন। লোকসভাতে এই বিল পাশ না হওয়ার পরেই প্রিয়াঙ্কা বলেন, এই ফলাফল বিরোধীদের ঐক্যের শক্তি প্রমাণ করেছে । শুধু তাই নয় এটা সংবিধানের জয় এবং বিরোধী ঐক্যের জয়। প্রিয়াঙ্কা আরও বলেন, সংসদে যা ঘটেছে, তা গণতন্ত্রের জন্য বড় জয়। একইসঙ্গে এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো দুর্বল করার চেষ্টার বিরুদ্ধে জয়।
কেন্দ্রকে নিশানা করে প্রিয়াঙ্কা অভিযোগ করেন, ক্ষমতা ধরে রাখার উদ্দেশ্যে একটি ‘বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্র’ তৈরি করা হয়েছিল। তাঁর দাবি, হঠাৎ করে সংসদের অধিবেশন ডাকার পিছনেও উদ্দেশ্য ছিল কোনওভাবে ‘স্থায়ী সরকার’ তৈরি করা। তিনি বলেন, শাসক পক্ষ এমনভাবে পরিস্থিতি সাজিয়েছিল যাতে বিল পাশ হলেও তারা কৃতিত্ব নিতে পারে, আবার বিল না পাশ হলেও তারা রাজনৈতিক লাভ তুলতে পারে। প্রিয়াঙ্কার কথায়, ওরা ভেবেছিল বিল পাশ হলে জয়, আর পাশ না হলেও সেটাও জয়। নিজেদের নারী-স্বার্থের রক্ষক হিসেবে তুলে ধরতে চেয়েছিল। কিন্তু সেটা এত সহজ নয়। নারী সংরক্ষণ বিলের সঙ্গে ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাসকে যুক্ত করার বিষয়েও প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা বলেন, ‘এটা শুধু নারী সংরক্ষণের প্রশ্ন নয়। আসল প্রশ্ন হল সরকারের খামখেয়ালি সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা।’ প্রিয়াঙ্কা স্পষ্ট করেন, বিরোধীরা নারী সংরক্ষণের বিরুদ্ধে নয়। তবে বর্তমান বিলের উদ্দেশ্য ও সময় নির্বাচন নিয়ে তাদের প্রশ্ন রয়েছে। তাঁর দাবি, ‘এটা আসলে নারী সংরক্ষণ নিয়ে নয়, সেটা এখন স্পষ্ট। দেশের মহিলাদের বোকা বানানো যাবে না।’
প্রিয়াঙ্কা সরকারের কাছে দাবি জানান, ২০২৩ সালের আগের সংস্করণ অনুযায়ী নারী সংরক্ষণ বিল ফের আনা হোক। তিনি বলেন, ‘যদি সত্যিই মহিলাদের জন্য কিছু করতে চান, ২০২৩ সালের বিল ফিরিয়ে আনুন। আমরা সমর্থন করব।’ সব মিলিয়ে নারী সংরক্ষণ বিল ব্যর্থ হওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। বিরোধীদের দাবি, এই ঘটনা এনডিএ সরকারের জন্য বড় ধাক্কা এবং বিরোধী ঐক্যের জোরালো বার্তা।



