ডিএ বৃদ্ধি থেকে ইনক্রিমেন্ট, রাজ্য সরকারি কর্মীদের জন্য একগুচ্ছ সুসংবাদ
বহুল প্রতীক্ষিত সপ্তম পে কমিশন গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করে একাধিক গুরুত্বপূর্ণ শর্তাবলীসহ বিজ্ঞপ্তি জারি করল নবান্ন।
Truth Of Bengal: রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) ও বেতন বৃদ্ধি নিয়ে তৈরি হওয়া দীর্ঘদীঘায়িত অপেক্ষার অবসান ঘটাতে আরও একধাপ এগিয়ে গেল রাজ্য সরকার। অবশেষে বহুল প্রতীক্ষিত সপ্তম পে কমিশন (7th Pay Commission) গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করে একাধিক গুরুত্বপূর্ণ শর্তাবলীসহ বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। সরকারের তরফ থেকে প্রকাশিত এই বিস্তারিত বিজ্ঞপ্তিতে নতুন বেতন কাঠামো, বার্ষিক ইনক্রিমেন্ট, কেন্দ্রীয় বেতনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা, ডিএ, বাড়ি ভাড়া ভাতা এবং অবসরকালীন একাধিক সুবিধা সংক্রান্ত নির্দেশরেখা স্পষ্ট করা হয়েছে।
বিজ্ঞপ্তির অন্যতম প্রধান আকর্ষণ হল বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব। বর্তমানে কর্মচারীরা ৩ শতাংশ হারে যে বার্ষিক ইনক্রিমেন্ট পান, তা বাড়িয়ে ৫ শতাংশ করার প্রস্তাব খতিয়ে দেখছে কমিশন। উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া মূল্যস্ফীতি ও বাজারদরের কথা মাথায় রেখেই নতুন এই পে স্কেল সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামোর সাথে রাজ্য সরকারি কর্মীদের বেতন স্তরের সমতা আনার বিষয়টিকেও সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নতুন ন্যূনতম বেতন নির্ধারণের ক্ষেত্রে এবার পরিবারের সদস্য সংখ্যা ৪ জনের পরিবর্তে ৫ জন ধরে হিসেব কষা হবে, যেখানে পুষ্টির মানদণ্ড দৈনিক ২,৭০০ ক্যালোরি থেকে বাড়িয়ে ৩,৪৯০ ক্যালোরি নির্ধারণের প্রস্তাব রয়েছে।
বিজ্ঞপ্তিতে মহার্ঘ ভাতার ক্ষেত্রে একটি স্থায়ী ‘স্ট্যান্ডিং অর্ডার’ কার্যকর করার সুপারিশ বিবেচনা করা হচ্ছে, যাতে বারবার আন্দোলন বা জটিলতা ছাড়াই ডিএ সমন্বয় সম্ভব হয়। এছাড়াও কর্মীদের বাড়ি ভাড়া, যাতায়াত ভাতা, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স এবং হস্টেল ভরতুকির মতো ক্ষেত্রগুলিতে কেন্দ্রীয় পে কমিশনের কাঠামোর সাথে সামঞ্জস্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য কমিউটেড পেনশন ১১ বছরে পুনরুদ্ধার, অবসরের দিনে অর্জিত ছুটির নগদীকরণ এবং ৩০ জুন অবসর নেওয়া কর্মীদের জন্য একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট মঞ্জুরের বিষয়টিও খতিয়ে দেখবে এই কমিশন।
উল্লেখ্য, রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই কর্মচারীদের মধ্যে বেতন কমিশন পুনর্গঠন ও বকেয়া ডিএ নিয়ে তুমুল প্রত্যাশা তৈরি হয়েছিল। সেই প্রতিশ্রুতি রক্ষার্থেই রাজ্য বাজেটে বড় ঘোষণা করে সরকার। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এক ধাক্কায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন, এবং বাজেট পেশের দিনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দ্রুত সপ্তম পে কমিশন গঠনের আশ্বাস দেন। সেই অনুযায়ী কমিশনের ‘টার্মস অব রেফারেন্স’ বা কাজের এক্তিয়ার ঘোষণা করা হলো। সরকারি, সরকার পোষিত ও আধা-সরকারি কর্মীদের বেতন ও পেনশন বৃদ্ধি, পদোন্নতি নীতি এবং ডিএ ও ডিআর-এর ভবিষ্যৎ হার সবই নির্ধারণ করবে এই কমিশন। আগামী ৬ মাসের মধ্যে কমিশনকে তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।






