ছত্তিশগড় পুলিশ ও সিআরপিএফ-এর যৌথ অভিযানে বড়সড় সাফল্য, মাওবাদী হামলার ছক বানচাল
তল্লাশি চালিয়ে ৪০ কেজির আইইডি অর্থাৎ ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে
Truth Of Bengal: সিআরপিএফ-এর কনভয় উড়িয়ে দেওয়ার ছক কষেছিল মাওবাদীরা। ছত্তিশগড়ে অভিযান চালিয়ে সেই ছক বানচাল করল নিরাপত্তা বাহিনী। বস্তার ডিভিশনের সুকমা জেলার জঙ্গলে সোমবার অভিযান চালায় বাহিনী। তল্লাশি চালিয়ে ৪০ কেজির আইইডি অর্থাৎ ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ দেশের জার্সিতে আগামী বিশ্বকাপে ৮ নম্বর স্থানে জায়গা পাকা করতে মরিয়া শার্দূল
ছত্তিশগড় পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, সিআরপিএফ-এর কনভয়ে বিস্ফোরণ ঘটানোর জন্যই বস্তারের জঙ্গলে ঘেরা পাহাড়ি রাস্তায় ওই আইইডি পাতা হয়েছিল বলে জানা গিয়েছে। এই গোটা ছকটি তৈরি করেছিল নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-এর সশস্ত্র শাখা পিএলজিএ অর্থাৎ পিপল্স লিবারেশন গেরিলা আর্মি। এর পর যৌথ সার্চ অপারেশন চালায় সিআরপিএফ-এর ১৫৯ ব্যাটালিয়ন এবং সুকমা জেলা পুলিশের একটি যৌথ দল। ফুলবাগদি-বাদেশেট্টি সড়কের ধারে ওই আইইডি ফাঁদ খুঁজে বার করে যৌথবাহিনী এবং সেটিকে নিষ্ক্রিয় করা হয়।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
ছত্তিশগড়ে এর আগেও এই ধরনের নাশকতার ঘটনা ঘটিয়েছে মাওবাদীরা। চলততি বছরের ৯ জুন বস্তারের সুকমার জঙ্গলের ওই এলাকারই কিছুটা দূরে একটি পাথর খনিতে মাওবাদীদের বসানো আইইডি বিস্ফোরণে সুকমার অতিরিক্ত পুলিশ সুপার (কোন্টা বিভাগ) আকাশ রাও গিরেপুঞ্জে সহ তিন পুলিশকর্মীর মৃত্যু হয়েছিল। বস্তার ডিভিশনে যৌথবাহিনীর একের পর এক অভিযানে ক্রমশ কোণঠাসা হচ্ছে মাওবাদীরা। সংঘর্ষে মৃত্যু এবং আত্মসমর্পণ চলছে ধারাবাহিক ভাবে।






