Telangana Minister: তেলঙ্গানার বনমন্ত্রীর বাড়িতে মধ্যরাতে পুলিশের হানা! দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য-রাজনীতি
অভিযোগের জেরে মঙ্গলবারই তাঁকে পদ থেকে অপসারণ করা হয়। তার ২৪ ঘণ্টার মধ্যেই মন্ত্রী সুরেখার জুবিলি হিলসের বাসভবনে অভিযান চালায় পুলিশ।তবে ওই তল্লাশি অভিযানে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে
Truth of Bengal: তেলঙ্গানায় পরিবেশ ও বনমন্ত্রী কোন্ডা সুরেখার বাড়িতে বুধবার রাতে পুলিশের তল্লাশি অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। হায়দ্রাবাদ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) এই অভিযান চালায়। মন্ত্রীর অফিস অন স্পেশ্যাল ডিউটি (ওএসডি) এন সুমন্তের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের অংশ হিসেবেই তল্লাশি চালানো হয় বলে সূত্রের খবর।ওএসডি সুমন্তের বিরুদ্ধে এক সিমেন্ট সংস্থার কাছ থেকে তোলা আদায়ের অভিযোগ উঠেছিল। অভিযোগের জেরে মঙ্গলবারই তাঁকে পদ থেকে অপসারণ করা হয়। তার ২৪ ঘণ্টার মধ্যেই মন্ত্রী সুরেখার জুবিলি হিলসের বাসভবনে অভিযান চালায় পুলিশ।তবে ওই তল্লাশি অভিযানে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে (Telangana Minister)।
পুলিশের সাদা পোশাক পরা দল বাড়িতে ঢুকতেই বাধা দেন মন্ত্রীকন্যা কোন্ডা সুস্মিতা। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। সুস্মিতার অভিযোগ, মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি আমাদের পরিবারকে ফাঁসানোর ষড়যন্ত্র করছেন। সুমন্তকে জোর করে বলাতে চাইছেন যে, তোলাবাজির নির্দেশ দিয়েছিলেন আমার বাবা কোন্ডা মুরলী।মন্ত্রীকন্যার আরও দাবি, ‘আমার মা একজন মন্ত্রী, অথচ তাঁর সঙ্গে এমন আচরণ করা হচ্ছে যেন তিনি অপরাধী! আমাদের পরিবারকে রাজনৈতিক ভাবে শেষ করার চেষ্টা চলছে। এমনকি, আমাদের খুন করার চেষ্টাও করা হচ্ছে।‘ অন্যদিকে, পুলিশের তরফে পাল্টা অভিযোগ উঠেছে যে, তল্লাশির সময় সুস্মিতা অভিযানে বাধা দিয়েছেন (Telangana Minister)।
এই ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ জানিয়েছে, দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থেই তল্লাশি অভিযান চালানো হয়েছে।উল্লেখ্য, কোন্ডা সুরেখা ওয়ারাঙ্গলের কংগ্রেস বিধায়ক এবং তেলঙ্গানার অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র এক প্রভাবশালী নেতা হিসেবেও পরিচিত। ঘটনাটি ঘিরে রাজ্যের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। বিরোধীরা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন (Telangana Minister)।






