Dakshineswar Kali Temple: দক্ষিণেশ্বরে কালীপুজোয় ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা, কখন দেওয়া যাবে পুজো?
Truth of Bengal: আর কদিন পরেই বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম শ্রেষ্ঠ উৎসব কালীপুজো। এই বিশেষ দিনে রাজ্যজুড়ে বারোয়ারি পুজোর পাশাপাশি বিভিন্ন জাগ্রত কালী মন্দিরগুলিতেও চলে আড়ম্বরপূর্ণ আরাধনা। এই ঐতিহ্যবাহী মন্দিরগুলির মধ্যে অন্যতম হল দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর কালী মন্দির, যা পশ্চিমবঙ্গ তথা সমগ্র বাংলার এক প্রসিদ্ধ তীর্থক্ষেত্র (Dakshineswar Kali Temple)।
কলকাতার উপকণ্ঠে ভাগীরথী নদীর পশ্চিম পাড়ে এই মন্দিরটি অবস্থিত। শুধু কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের মানুষরাই নন, বাইরে থেকে যারা কলকাতায় আসেন, তাদের অনেকেই একবার অন্তত এই দক্ষিণেশ্বর কালীবাড়ি দর্শন করে যান। বিখ্যাত এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের মতো মনীষীদের স্মৃতি ও সাধনালব্ধ জীবন। কালীপুজোর দিনে প্রতি বছর এখানে কালীভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়; ভোর রাত থেকেই ডালা হাতে অসংখ্য মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মায়ের দর্শনের জন্য। কালীপুজোর সময় এই ভিড় স্বাভাবিকের তুলনায় বহুগুণ বেড়ে যায় (Dakshineswar Kali Temple)।
দক্ষিণেশ্বর কালী মন্দিরে ভক্তদের পুজো দেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সূচি রয়েছে। বর্তমানে প্রতিদিন সকাল ৬টায় মন্দিরের দরজা খোলা হয়। পুজো দেওয়া শুরু হয় সকাল সাড়ে ৬টা থেকে এবং তা চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এরপর কিছুক্ষণের বিরতি দিয়ে ফের দুপুর সাড়ে ৩টে থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ভক্তরা পুজো দিতে পারেন। প্রতিদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মা ভবতারিণীর নিত্যপুজোর বন্দোবস্ত থাকে। এছাড়া, সন্ধ্যায় দৈনিক আরতি শুরু হয় ৬টা ৪০ মিনিট থেকে। প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাগম হয় এই মন্দিরে, আর কালীপুজোতে সেই ভিড় প্রায় দ্বিগুণ হয়ে যায়। ভক্তদের জন্য প্রতিদিন মা কালীর অন্নভোগেরও ব্যবস্থা রাখা হয় (Dakshineswar Kali Temple)।






