দেশ

“সমঝোতাকে অপমান করা হচ্ছে!” সুপ্রিম কোর্টের রায়ে অখুশি সিজেপি, ফের দেশজোড়া আন্দোলনের ডাক

মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানায়, যেসব নাবালক আন্দোলনকারীর বিরুদ্ধে আগে কোনও অপরাধের রেকর্ড নেই, তাঁদের আটক বা গ্রেপ্তার করে রাখা যাবে না

Truth of Bengal: প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে অসন্তোষ প্রকাশ করল ককরোচ জনতা পার্টি বা সিজেপি। কেন্দ্রের দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে আদালতের নির্দেশের সামঞ্জস্য নেই বলে অভিযোগ তুলে ফের দেশজুড়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানায়, যেসব নাবালক আন্দোলনকারীর বিরুদ্ধে আগে কোনও অপরাধের রেকর্ড নেই, তাঁদের আটক বা গ্রেপ্তার করে রাখা যাবে না। তবে কারও বিরুদ্ধে অতীতের কোনও ফৌজদারি মামলা থাকলে, সেই আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়া যেতে পারে। আদালতের এই পর্যবেক্ষণের একটি অংশ নিয়েই আপত্তি জানিয়েছে সিজেপি।

সংগঠনের মুখপাত্র সৌরভ দাসের দাবি, আন্দোলন প্রত্যাহারের আগে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে সমঝোতা হয়েছিল, সেখানে দেশের বিভিন্ন প্রান্তে নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর প্রত্যাহার এবং আটক ব্যক্তিদের মুক্তির আশ্বাস দেওয়া হয়েছিল। শুধুমাত্র নাবালক বা অপরাধের পূর্ব ইতিহাস নেই, এমন আন্দোলনকারীদের মুক্তির কথা বলা হয়নি। সৌরভ জানান, সুপ্রিম কোর্টের নির্দেশকে সংগঠন সম্মান করে। তবে আদালতের পর্যবেক্ষণকে ব্যবহার করে কেন্দ্র বা বিজেপি-শাসিত রাজ্যগুলি যাতে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা চালিয়ে যেতে না পারে, সে বিষয়ে তাঁরা উদ্বিগ্ন। তাঁর বক্তব্য, আদালতের নির্দেশে কোথাও সমস্ত এফআইআর প্রত্যাহার করা যাবে না বলে নিষেধ করা হয়নি। তাই সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করার পাশাপাশি আন্দোলন প্রত্যাহারের সময় কেন্দ্র যে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল, সেটিও পালন করতে হবে।

সিজেপির দাবি, কেন্দ্রের সঙ্গে হওয়া সমঝোতার শর্ত পূরণের শেষ দিন ছিল মঙ্গলবার। নির্ধারিত সময়ের মধ্যে মামলা প্রত্যাহার এবং আটক আন্দোলনকারীদের মুক্তির বিষয়ে স্পষ্ট পদক্ষেপ না হলে ফের দেশব্যাপী আন্দোলন শুরু করা হবে।সংগঠনটির আরও অভিযোগ, যে চুক্তিপত্রের ভিত্তিতে আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল, তার স্বাক্ষরিত প্রতিলিপি এখনও তাদের ফেরত দেওয়া হয়নি। বিষয়টি নিয়েও কেন্দ্রের কাছে ব্যাখ্যা চেয়েছে সিজেপি। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি সূত্রের দাবি, অতীতে যাঁদের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ ছিল, তাঁদের মামলা প্রত্যাহারের কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়নি। ফলে কেন্দ্র ও আন্দোলনকারী সংগঠনের বক্তব্যে স্পষ্ট বিরোধ তৈরি হয়েছে।

Related Articles