মধ্যপ্রদেশে যৌন নির্যাতনে শিশুকন্যার মৃত্যু, অভিযুক্ত মৃত্যুদন্ডপ্রাপ্ত যুবক
Child girl dies in sexual assault in Madhya Pradesh, accused youth sentenced to death

Truth Of Bengal: যৌন নির্যাতন চালিয়ে মূক ও বধির শিশুকে খুনের অভিযোগ সামনে এসেছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। অভিযোগ, ঝোপের মধ্যে থেকে পাওয়া যায় শিশুটিকে। গোটা ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, আরও ভয়াবহ এক তথ্য।
সূত্রের খবর, যে যুবক এই অপরাধ ঘটিয়েছে বলে অভিযোগ, তাঁর এর আগেও দুইবার ধর্ষণের কাণ্ড ঘটানোর রেকর্ড রয়েছে। আরও খবর, তাঁর নাকি মৃত্যুদন্ডও হয়, যা নাকি পরে খারিজ হয়ে যায়।
মধ্যপ্রদেশের নরসিংহগড়ে এই ঘটনা ঘটেছে বলে খবর। অভিযোগ, গত ২ ফেব্রুয়ারি মাঝরাতে বাড়ি থেকে ১১ বছর বয়সি ওই কন্যা নিখোঁজ হয়ে যান। পরেরদিন সকালে বাড়ির কাছে একটি ঝোপের মধ্যে তাঁকে পাওয়া যায়। দেখা যায়, তাঁর শরীরে একাধিক ক্ষতদাগ রয়েছে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে, একসপ্তাহ মৃত্যুর সাথে লড়াই করার পর ৮ ফেব্রুয়ারি মেয়েটি মারা যায়।
এই গোটা ঘটনার তদন্তে নেমে মোট ৪৬টি জায়গা থেকে সর্বমোট ১৩৬টি সিসিটিভি সংগ্রহ করে পুলিশ। ওই ফুটেজে লাল শালে মুড়ি দেওয়া অবস্থায় এক সন্দেহভাজনকে চলাফেরা করতে দেখা যায়। যে ঝোপ থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়েছিল, তার পাশেই ওই যুবকের গতিবিধি নজরে আসে। পরে পুলিশসূত্রে জানা যায়, তাঁর নাম রমেশ সিংহ।
অভিযুক্ত রমেশের খোঁজ করতে এক অটো-রিকশা চালকের সন্ধান পায় পুলিশ। তাঁকে খুঁজে পেতে নাভিশ্বাস ওঠে পুলিশের। শেষমেষ, কুম্ভমেলায় তাঁর খোঁজ মেলে। প্রয়াগরাজ থেকে জয়পুরে আসার সময় ট্রেনেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
রায়গড়ের এসপি আদিত্য মিশ্র জানান, অভিযুক্তের ডিএনএ পরীক্ষা চলছে। জানা গিয়েছে, রমেশ দাবরিপুরের পোলাইকালানের বাসিন্দা। এর আগে ২০০৩ ও ২০১৪ সালে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে। তবে, ২০১৯ সালে তাঁর মৃত্যুদন্ডের সাজা খারিজ হয়ে যায়।






