রাজ্যের খবর

Howrah Bakery Factory: হাওড়ার বেকারিতে ভয়াবহ বোমাবাজি! সামান্য বচসা থেকে চলল দেদার বোমা, আহত ২

রবিবার রাতে সামান্য বচসা থেকে পরিস্থিতি এমন চরম আকার নেয় যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Truth of Bengal: হাওড়ার জগৎবল্লভপুরের পাঁচলা বিধানসভা এলাকার পোলগুস্তিয়ায় একটি বেকারির ফ্যাক্টরিতে ভয়াবহ বোমাবাজির ঘটনা ঘটল। রবিবার রাতে সামান্য বচসা থেকে পরিস্থিতি এমন চরম আকার নেয় যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় দু’জন ব্যক্তি জখম হয়েছেন এবং পুরো এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয় সূত্রে খবর, রবিবার গভীর রাতে তিনটি মোটর সাইকেলে চেপে তিন যুবক ওই বেকারির ফ্যাক্টরিতে আসেন। অল্প সময়ের মধ্যেই দোকানের মালিকের সঙ্গে তাদের তীব্র বাদানুবাদ শুরু হয়। অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ওই যুবকদের মধ্যে একজন পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে সরাসরি দোকানের মালিকের মাথায় আঘাত করেন।

মাথায় আঘাতের পরই শুরু হয় চূড়ান্ত সন্ত্রাস। বাইকে চেপে পালানোর আগে দুষ্কৃতীরা একের পর এক বোমা ছুড়তে শুরু করে। স্থানীয়দের দাবি, দুষ্কৃতীরা এলাকায় কমপক্ষে ২৫ থেকে ২৭টি বোমা নিক্ষেপ করে। এই ভয়াবহ বিস্ফোরণের শব্দে এবং ঘন ধোঁয়ায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হতে পারেননি। বোমাবাজির সময় ঘটনাস্থলের কাছাকাছি থাকা দুই পথচারী জখম হন। তাঁদের দ্রুত আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই তাঁরা চিকিৎসাধীন আছেন।

এই হামলার নেপথ্যে কারা রয়েছে, কিংবা কী কারণে বচসা এমন রক্তক্ষয়ী রূপ নিল, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের একাংশের দাবি, বাইরে থেকে লোক এনে এই হামলা চালানো হয়েছে। হাওড়া জেলা গ্রামীণ পুলিশ সুপার সুবিমল পাল জানিয়েছেন, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। একটি বেকারির ফ্যাক্টরি সংক্রান্ত গণ্ডগোল থেকেই এই ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই রাতে এলাকায় পুলিশ তল্লাশি চালায় এবং টহলদারি বাড়ানো হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে জোরদার অভিযান চলছে। সোমবার সকালেও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক কাটেনি। তাই এলাকায় পুনরায় অশান্তি এড়াতে নজরদারি অব্যাহত রেখেছে পুলিশ।

Related Articles