বঙ্গ সফরে নিতিন নবীন, বিমানবন্দরে স্বাগত জানালেন শুভেন্দু-শমীক
সাম্প্রতিক সময়ে বঙ্গ বিজেপির মহিলা ও যুব মোর্চা-সহ একাধিক সাংগঠনিক পদে রদবদল হয়েছে এবং সাতটি সাংগঠনিক জেলার সভাপতিও পরিবর্তিত হয়েছেন।
Truth of Bengal: রাজ্যে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার পশ্চিমবঙ্গ সফরে এলেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। রবিবার কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দু’দিনের সফরে সংগঠন ও সরকারের মধ্যে সমন্বয়, আসন্ন উপনির্বাচন এবং পুরভোটের প্রস্তুতি নিয়ে একাধিক বৈঠক করার কথা রয়েছে তাঁর।
রবিবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দলীয় নেতৃত্বের সঙ্গে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শোনার পর সাংগঠনিক পর্যালোচনা বৈঠক করবেন নিতিন। সেখানে রাজ্য পদাধিকারী, মোর্চা সভাপতি, সাংসদ, জেলা সভাপতি ও আইটি-মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত থাকবেন। এরপর পৃথকভাবে সাংসদ-বিধায়ক, রাজ্যের মন্ত্রী এবং কোর কমিটির সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
সাম্প্রতিক সময়ে বঙ্গ বিজেপির মহিলা ও যুব মোর্চা-সহ একাধিক সাংগঠনিক পদে রদবদল হয়েছে এবং সাতটি সাংগঠনিক জেলার সভাপতিও পরিবর্তিত হয়েছেন। ফলে নতুন দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে নিতিনের এই বৈঠককে সংগঠন পুনর্গঠনের পর গুরুত্বপূর্ণ পর্যালোচনা হিসেবেই দেখা হচ্ছে।
সোমবার পানিহাটিতে ‘আঙন কা মিলন’ কর্মসূচি এবং যুব নেতৃত্বের সঙ্গে ‘যুব সংলাপ’-এ অংশ নেওয়ার কথা রয়েছে বিজেপি সভাপতির। নন্দীগ্রাম ও রেজিনগরের ৬ অক্টোবরের উপনির্বাচনের আগে তাঁর এই সফর রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ।





