দেশ

Arattai Privacy: গোপন চ্যাট কি সুরক্ষিত? দম্পতিদের ব্যক্তিগত ছবি শেয়ারের প্রশ্নে কী বললেন Arattai অ্যাপের স্রষ্টা?

মেটা-র মালিকানাধীন হোয়াটসঅ্যাপের মতোই এই অ্যাপে বার্তা, ছবি, ভিডিও, ডকুমেন্ট আদান-প্রদান করা যায় এবং ভয়েস ও ভিডিও কল করা সম্ভব।

Truth of Bengal: দেশীয় প্রযুক্তিতে তৈরি মেসেজিং অ্যাপ আরাট্টাই (Arattai), যা তথ্যপ্রযুক্তি সংস্থা জোহো (Zoho) তৈরি করেছে, গত কয়েক সপ্তাহে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। মেটা-র মালিকানাধীন হোয়াটসঅ্যাপের মতোই এই অ্যাপে বার্তা, ছবি, ভিডিও, ডকুমেন্ট আদান-প্রদান করা যায় এবং ভয়েস ও ভিডিও কল করা সম্ভব। ‘স্পাইওয়্যার-মুক্ত’ হিসেবে পরিচিত এই অ্যাপটিকে অনেকেই “হোয়াটসঅ্যাপ কিলার” হিসেবেও দেখছেন। তবে গোপনতা (Privacy) নিয়ে বড় প্রশ্ন ওঠায়, এই অ্যাপের একটি দুর্বল দিক প্রকাশ পেল। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, আরাট্টাই-এ এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড (E2EE) কলিং পরিষেবা থাকলেও, বর্তমানে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড মেসেজিং পরিষেবা নেই।

এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড (E2EE) মেসেজিং হল এমন একটি পদ্ধতি, যেখানে প্রেরক এবং যার কাছে বার্তাটি পাঠানো হচ্ছে, কেবল তারাই বার্তাটি পড়তে পারে। মেসেজিং পরিষেবা প্রদানকারী সংস্থা-সহ অন্য কেউ সেই বার্তা অ্যাক্সেস করতে পারে না। এই গোপনতার দুর্বলতা নিয়েই এক্স (পূর্বতন টুইটার) ব্যবহারকারীরা প্রশ্ন তুলেছেন। সম্প্রতি জোহো-র প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু একটি পোস্টে দাবি করেছিলেন, ‘গোপন প্রেমিক-প্রেমিকারা’ আরাট্টাই ব্যবহার করতে পারেন, তাঁদের গোপনতা নিয়ে চিন্তা করতে হবে না। তবে ‘গোপন বিদ্রোহীরা’ (যারা অবৈধ বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জন্য অ্যাপটি ব্যবহার করবে) আইনি পরিণতি থেকে মুক্তি পেতে পারে না— বলে জানান তিনি।

ভেম্বুর এই পোস্টের উত্তরে ‘রবি’ নামক এক ব্যবহারকারী সরাসরি প্রশ্ন করে জানতে চান যে, আরাট্টাই-এর মাধ্যমে স্বামী-স্ত্রী যদি অন্তরঙ্গ ছবি আদান-প্রদান করেন, তবে জোহো-র কর্মীরা সেই ছবি দেখতে পারেন কি না? তিনি স্পষ্ট উত্তর চান। জোহো প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু সরাসরি স্বীকার করে নেন যে, আরাট্টাই অ্যাপে এখনও “এন্ড-টু-এন্ড এনক্রিপশন” উপলব্ধ নয়। তবে তিনি প্রতিশ্রুতি দেন যে, খুব দ্রুতই এই পরিষেবা যুক্ত করা হবে। ভেম্বু আরও বলেন, তাঁর ব্যবসাটি আসলে এই বিশ্বাসের ওপর ভিত্তি করেই চলে যে, জোহো-র কর্মীরা গ্রাহকের ব্যক্তিগত তথ্যে প্রবেশ করবেন না। তবে প্রযুক্তিগতভাবে ডেটা সুরক্ষার দিকটি যে বর্তমানে কিছুটা দুর্বল, তা তাঁর উত্তরে পরিষ্কার। গোপনতা-সচেতন ব্যবহারকারীদের জন্য যা নিঃসন্দেহে উদ্বেগের কারণ।

Related Articles