Maternal Death: পাকা রাস্তা নেই, জোটেনি অ্যাম্বুল্যান্স! ৬ কিমি হেঁটে হাসপাতালে যাওয়ার পথে প্রাণ গেল মা ও গর্ভস্থ সন্তানের
পাকা রাস্তার অভাবে দীর্ঘ পথ হেঁটে হাসপাতালে যাওয়ার ধকল সইতে না পেরে প্রাণ হারালেন বছর ২৪-এর আশা সন্তোষ কিরাঙ্গা এবং তাঁর অনাগত সন্তান।
Truth of Bengal: আধুনিক ভারতের উন্নয়নের আস্ফালন আর ঝকঝকে হাইওয়ের স্বপ্নের আড়ালে ফের একবার প্রকট হলো গ্রামীণ ভারতের কঙ্কালসার স্বাস্থ্যব্যবস্থা। মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় এক প্রসূতি ও তাঁর গর্ভস্থ সন্তানের মর্মান্তিক মৃত্যু উন্নয়ন নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিল। পাকা রাস্তার অভাবে দীর্ঘ পথ হেঁটে হাসপাতালে যাওয়ার ধকল সইতে না পেরে প্রাণ হারালেন বছর ২৪-এর আশা সন্তোষ কিরাঙ্গা এবং তাঁর অনাগত সন্তান। এই ঘটনাটি ঘটেছে ইটাপল্লি তালুকের আলদান্ডি টোলা গ্রামে।
আশার গ্রামটি মূল জনপদ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। গ্রামে কোনো প্রসবকালীন চিকিৎসা পরিষেবা না থাকায় গর্ভবতী আশাকে নিয়ে তাঁর স্বামী পাশের পেঠা গ্রামে তাঁর বোনের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু যাতায়াতের জন্য কোনো যানবাহন চলার মতো রাস্তা না থাকায় ৯ মাসের অন্তসত্ত্বা ওই তরুণীকে গভীর জঙ্গলের এবড়োখেবড়ো পথ দিয়ে টানা ৬ কিলোমিটার হাঁটতে হয়। দীর্ঘ এই পথ হাঁটার ধকল এবং প্রবল যন্ত্রণার কারণে রাস্তায় থাকাকালীনই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। কোনোক্রমে মূল সড়কে পৌঁছে সেখান থেকে অ্যাম্বুল্যান্সে করে তাঁকে হেদরির কালি আম্মাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, দীর্ঘ পথ হাঁটার ক্লান্তি ও শারীরিক জটিলতায় গর্ভেই মৃত্যু হয়েছে শিশুটির। অন্যদিকে, অত্যধিক রক্তচাপ বেড়ে যাওয়ায় জীবনসঙ্কটে পড়েন মা-ও। চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত আশাকে বাঁচানো সম্ভব হয়নি। চোখের সামনেই সন্তান ও স্ত্রীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ওই দিনমজুর যুবক।
গড়চিরোলির জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রতাপ শিন্ডে জানিয়েছেন, গর্ভাবস্থার একেবারে শেষ পর্যায়ে এসে এতটা পথ হাঁটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। এর ফলেই প্রসবকালীন তীব্র জটিলতা তৈরি হয়। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করলেও রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায়নি। যেখানে দেশের বিভিন্ন প্রান্তে কোটি কোটি টাকা খরচ করে স্থাপত্য বা বুলেট ট্রেনের পরিকল্পনা করা হচ্ছে, সেখানে স্বাধীনতার কয়েক দশক পরেও যাতায়াতের ন্যূনতম রাস্তার অভাবে একটি অনাগত প্রাণ আর এক মায়ের অকাল মৃত্যু দেশের প্রশাসনিক ব্যর্থতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।



