দেশ

তামিলনাড়ুর বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত এক শিশুসহ সাত

A massive fire broke out at a private hospital in Tamil Nadu, killing seven people, including a child

Truth Of Bengal: বৃহস্পতিবার রাতে তামিলনাড়ুর একটি বেসরকারি হাসপাতালে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ১ জন শিশু-সহ ৩ জন পুরুষ ও ৩ জন মহিলা। ঘটনাস্থলে চারটিরও বেশি দমকলের ইঞ্জিন এসে অতি দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দিন্ডিগুল জেলার ত্রিচি রোডের কাছে একটি বেসরকারি হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনার পর তড়িঘড়ি হাসপাতাল থেকে রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রোগীদের অন্যত্র পাঠানোর জন্য অন্তত দশটি অ্যাম্বুল্যান্স ব্যবহার করা হয়েছে। এদিকে আবার হাসপাতালের লিফটে আটকে পড়া বেশ কয়েকজন রোগী ও তাঁদের পরিবারের লোকজনকে উদ্ধার করা হয়। উদ্ধার করা রোগীদের মধ্যে কয়েকজনকে দিন্ডিগুল সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনায় জেলা কালেক্টর এমএন পুনগোডি বলেন, একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। রোগীদের উদ্ধার করে কাছাকাছি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের হতাহতের ঘটনা ঘটতে পারে, তবে চিকিৎসকদের কাছ থেকে নিশ্চিত হওয়ার পরই আমরা মৃত্যুর সংখ্যা নিশ্চিত করে জানাতে পারব। গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

নিহতদের পরিবারকে তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী গুরুতর দগ্ধ ও আইসিইউতে চিকিৎসাধীনদের প্রত্যেককে ১ লক্ষ টাকা এবং সামান্য দগ্ধদের প্রত্যেককে ৫০,০০০ টাকা দেওয়ার কথা জানিয়েছেন। আহতদের, আশেপাশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া ও তাঁদের সর্বোত্তম চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

Related Articles