দেশ

Orissa: মেয়েকে যৌন হেনস্তার অভিযোগ! ধারালো অস্ত্রের কোপে যুবককে খুন করে থানায় আত্মসমর্পণ বাবার

ঘটনার পর পরই খুনের দায় স্বীকার করে স্থানীয় থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত বাবা রূপা পিঙ্গুয়া।অভিযোগ, নিজের মেয়েকে ওই যুবক যৌন হেনস্তা করছিল।

Truth of Bengal: ওড়িশার ঢেঙ্কানল জেলায় এক চাঞ্চল্যকর ঘটনায় মেয়েকে যৌন হেনস্তার অভিযোগ তুলে এক যুবককে ধারালো অস্ত্রের কোপ মেরে খুনের অভিযোগ উঠেছে। শনিবার রাতে ঘটা এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় করুণাকর বেহারা নামে ওই যুবকের। ঘটনার পর পরই খুনের দায় স্বীকার করে স্থানীয় থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত বাবা রূপা পিঙ্গুয়া।অভিযোগ, নিজের মেয়েকে ওই যুবক যৌন হেনস্তা করছিল। তা চোখে পড়ে যাওয়ায় যুবতীর বাবা রূপা পিঙ্গুয়া ক্ষোভে ফেটে পড়েন এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

তবে ঘটনার পরপরই একাধিক বিতর্কিত তথ্য সামনে আসতে শুরু করেছে। ছেলের মৃত্যুর খবর পেয়েই মৃত যুবকের বাবা কাশীনাথ বেহারা এবং অন্যান্য আত্মীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং রূপা পিঙ্গুয়ার বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে কঠোর শাস্তির দাবি জানান। অন্যদিকে, স্থানীয়দের কারো কারো দাবি, অভিযুক্তের মেয়ের সঙ্গে মৃত যুবক করুণাকরের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। পিঙ্গুয়া নাকি তাঁর মেয়ের সঙ্গে করুণাকরকে অশালীন অবস্থায় দেখে ফেলেন। সেই রাগেই তিনি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে অভিযোগ।

ঘটনাটির একাধিক দিক সামনে আসার পর স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত রূপা পিঙ্গুয়াকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ আধিকারিকরা ঘটনার প্রকৃত কারণ এবং ঘটনার ক্রম খতিয়ে দেখার চেষ্টা করছেন। সেই সঙ্গে মৃত যুবকের সঙ্গে অভিযুক্তের মেয়ের সম্পর্কের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। দুই পরিবারের সদস্যদেরই জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।

Related Articles