আন্তর্জাতিক

ট্রাম্পের নিশানায় ইউরোপ! ডেনমার্ক-সহ ইউরোপের ৮ দেশের ওপর ১০ শতাংশ শুল্ক চাপাল আমেরিকা

সমাজমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প জানান, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে আমদানি হওয়া পণ্যের উপর এই শুল্ক বসানো হবে।

Truth Of Bengal: গ্রিনল্যান্ড ইস্যুকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, এ বার ডেনমার্ক-সহ ইউরোপের আটটি দেশের উপর অতিরিক্ত ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা করলেন তিনি। আগামী ১ ফেব্রুয়ারি থেকেই এই নতুন শুল্ক কার্যকর হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, গ্রিনল্যান্ড নিয়ে কোনও চুক্তি না হলে ১ জুন থেকে আরও ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প।

সমাজমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প জানান, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে আমদানি হওয়া পণ্যের উপর এই শুল্ক বসানো হবে। তাঁর দাবি, ‘বৈশ্বিক নিরাপত্তা’ সুরক্ষিত রাখার স্বার্থেই নেটো (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজ়েশন)-র সদস্য এই দেশগুলির বিরুদ্ধে এমন কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে আমেরিকা। ট্রাম্পের অভিযোগ, ইউরোপের দেশগুলিকে শতকের পর শতক ধরে বিপুল ভর্তুকি দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র, কিন্তু তার যথাযথ প্রতিদান পাওয়া যায়নি।

বিশেষ করে ডেনমার্কের ক্ষেত্রে সেই হিসাব মেটানোর সময় এসে গেছে বলে মন্তব্য করেন তিনি। গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন অবস্থানকে সমর্থন না করলে শুল্ক আরোপের হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, গ্রিনল্যান্ডকে ঘিরে আন্তর্জাতিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁর বক্তব্য, দ্বীপটি নিয়ে চিন ও রাশিয়ারও আগ্রহ বাড়ছে। সেই পরিস্থিতিতে গ্রিনল্যান্ড রক্ষায় ডেনমার্ক যথেষ্ট সক্ষম নয় বলে দাবি ট্রাম্পের। তিনি আরও বলেন, আমেরিকার ‘গোল্ডেন ডোম’ নিরাপত্তা ব্যবস্থার জন্য গ্রিনল্যান্ডে মার্কিন প্রভাব অত্যন্ত জরুরি। শুল্ক আরোপ প্রসঙ্গে ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, গ্রিনল্যান্ড নিয়ে সন্তোষজনক কোনও চুক্তি না হওয়া পর্যন্ত এই শুল্ক ব্যবস্থা বহাল থাকবে। তাঁর এই সিদ্ধান্তে ইউরোপ ও নেটোভুক্ত দেশগুলির সঙ্গে আমেরিকার সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

Related Articles