Silent Killer: অলসতা হল নিঃশব্দ মাদক
এটি আমাদের স্বপ্ন, সময় এবং সামর্থ্য— এই তিনটি মূল্যবান সম্পদকে ধীরে ধীরে গ্রাস করে।
প্রভাত কুমার মিত্র: মানুষের জীবনে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হল অলসতা (Silent Killer)। এটি এমন একটি মানসিক অবস্থা, যা সরাসরি শরীরের ক্ষতি করে না, তাই আমরা একে তেমন বিপজ্জনক বলে মনে করি না। কিন্তু বাস্তবে, অলসতা একটি নিঃশব্দ মাদক। এটি আমাদের স্বপ্ন, সময় এবং সামর্থ্য— এই তিনটি মূল্যবান সম্পদকে ধীরে ধীরে গ্রাস করে।
প্রথমে মনে হয়, ‘আজ একটু বিশ্রাম নিই’, ‘এটা কাল করব’, কিংবা ‘এখন না, পরে করব’— এইসব ছোট ছোট ভাবনা আমাদের মধ্যে অলসতার বীজ বপন করে। ধীরে ধীরে সেই বীজ অঙ্কুরিত হয়ে আমাদের ভিতরে গভীরভাবে শিকড় গেড়ে বসে। আমরা বুঝতেই পারি না কখন দিন পেরিয়ে যায় মাসে, মাস পেরিয়ে যায় বছরে— আর আমরা দাঁড়িয়ে থাকি ঠিক সেই একই জায়গায়, যেখানে একদিন শুরু করার কথা ছিল। অথচ কিছুই শুরু করা হয়নি।
অলসতা কখনওই এক ঝটকায় আমাদের জীবনে বিপর্যয় নামিয়ে আনে না। বরং এটি ধীরে ধীরে, কৌশলে আমাদের সাফল্যের পথ থেকে সরিয়ে দেয়। যেভাবে কোনও মাদক একজন মানুষকে ভেতর থেকে ধ্বংস করে দেয়, তেমনই অলসতাও আমাদের স্বপ্নগুলোকে নীরবে হত্যা করে। আমাদের আগ্রহ, উদ্যম এবং পরিশ্রমের ক্ষমতা নিঃশেষ করে ফেলে। আমরা ধীরে ধীরে ‘চাই’ থেকে ‘চেয়েছিলাম’-এ রূপান্তরিত হই (Silent Killer)।
এই কারণে, শুধু মাদক থেকে দূরে থাকলেই চলবে না, অলসতার দিকেও আমাদের সমানভাবে সচেতন থাকতে হবে। কারণ মাদক যেমন শরীর ও মনকে দুর্বল করে, তেমনই অলসতা জীবনের সম্ভাবনাগুলিকে ধ্বংস করে দেয়। দুটোই ধীরে ধীরে মানুষকে শেষ করে ফেলে— তফাৎ একটাই, মাদকের ভয় আছে, কিন্তু অলসতাকে আমরা ভয় পাই না, গুরুত্বও দিই না।
তাই আমাদের সচেতন হতে হবে। অলসতা যেন আমাদের জীবনে জায়গা না পায়, সে জন্য প্রয়োজন নিয়মিত অভ্যাস, আত্মনিয়ন্ত্রণ ও ইতিবাচক চিন্তা। আমাদের লক্ষ্য থাকা উচিত— আজকেই কাজটি শুরু করা, কাল নয়। অলসতার বিরুদ্ধে এই সচেতনতা এবং প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা— এটাই আমাদের স্বপ্নপূরণের মূল চাবিকাঠি।
শেষ কথা, অলসতা নিঃশব্দ হলেও এর ক্ষতি প্রচণ্ড। তাই নিজেকে বাঁচাতে হলে শুধু বাহ্যিক বিপদ নয়, এই নীরব শত্রুকেও গুরুত্ব দিয়ে প্রতিরোধ করতে হবে। সাফল্য তাদেরই হয়, যারা অলসতার প্রলোভনকে অতিক্রম করে সামনে এগিয়ে যায় (Silent Killer)।


