‘নারী সুরক্ষা কমিটি’ গঠনের আবেদন টলিউডে
Application to form 'Nari Suraksha Committee' in Tollywood

Truth Of Bengal: নারী নিরাপত্তা নিয়ে এবার আরও সরব টলিপাড়া। ‘নারী সুরক্ষা কমিটি’ গঠনের আবেদন জানালেন অভিনেত্রী, মহিলা প্রযোজক এবং মহিলা টেকনিশিয়ানরা। নিজেদের স্বাক্ষরসহ একটি চিঠি জমা দিয়েছেন। যেখানে টেলি অ্যাকাডেমি, ইমপা, আর্টিস্ট ফোরাম, ফেডারেশনের সভাপতির উদ্দেশে এই কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে।
জানা যায়, আর জি কর প্রসঙ্গ উল্লেখ রয়েছে এই চিঠিতে। অভিযোগ, বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা, সিরিয়াল ও ওয়েব প্ল্যাটফর্মে কাজ করা মহিলাদের নানাভাবে যৌন হেনস্তার শিকার হতে হয়। কার্যত এবার হেমা কমিটির মতো টলিউডে নারী নিরাপত্তায় একটি কমিটি গড়ার আবেদন জানান হয়। টেলি অ্যাকাডেমি, ইমপা, আর্টিস্ট ফোরাম, ফেডারেশনের সভাপতির উদ্দেশে পাঠানো চিঠিতে উল্লেখ রয়েছে,”প্রত্যেকদিন আমাদের নানা ভাবে যৌন হেনস্তার শিকার হতে হয়। পাশাপাশি নিয়মিতভাবে নারী, শিশু এবং প্রান্তিক পরিচয়ের মানুষদের নির্যাতনের কথাও শোনা যায়। তবুও, আমাদের কাছে এমন কোনও কার্যকরী সহায়তা ব্যবস্থা নেই যেখানে ভারতীয় আইন অনুযায়ী যৌন হয়রানি প্রতিরোধ, নিষেধাজ্ঞা এবং প্রতিকারের দাবি জানাতে পারি।”
উল্লেখ্য, মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু দিন ধরেই যৌন হেনস্থার অভিযোগ উঠছিল। সম্প্রতি সেই বিষয়েই রিপোর্ট জমা দেয় ‘হেমা কমিটি’-কে। এবার হেমা কমিটির মতোই বাংলা ইন্ডাস্ট্রিতে সমস্ত মহিলা টেকশিয়ান থেকে শুরু করে অভিনেত্রী, মহিলা প্রযোজক প্রত্যেকে নারীনিরাপত্তায় জোর দিতে ‘নারী সুরক্ষা কমিটি’ গঠনের আবেদন জানান। এই দাবিকে সম্মতি জানিয়েছে তারকারা।
ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত এবিষয়ে জানান, ”প্রতিষ্ঠানের সভাপতির পাশাপাশি একজন মেয়ে হিসেবে চাইছি, অন্যায়ের প্রতিবাদ অবশ্যই হওয়া উচিত। আর এই নিয়ে যদি কমিটি তৈরির প্রস্তাব বাংলা বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত নারীদের তরফ থেকে আসে, অবশ্যই বাকি সংগঠনের সঙ্গে আলোচনায় বসব।”
অন্যদিকে, আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়ের বলেন, ”প্রথমে আনুষ্ঠানিক ভাবে চিঠিটি আমাদের হাতে বা দফতরে আসুক। তা হলে কথা বলতে সুবিধে হবে।”






