তুলে ধরলেন স্কুল জীবনের অভিজ্ঞতা, লাগাতার হেনস্থা নিয়ে মুখ খুললেন মধুবন্তী বাগচি
Madhubanti Bagchi opened up about the experience of school life, constant harassment

Truth Of Bengal: স্কুল-কলেজের গণ্ডিতে থাকাকালীন লাগাতার হেনস্থার শিকার হতে হয়েছে মধুবন্তী বাগচিকে। ঠিক এমনটাই দাবি করলেন এক লম্বা পোস্ট করে। ইতিমধ্যেই ‘স্ত্রী ২’ ছবির গান ‘আজ কি রাত’ বেশ জনপ্রিয়তা পেয়েছে। সেই সাফল্যই এখন উপভোগ করছেন মধুবন্তী।
কিন্তু তার পাশাপাশি সমাজমাধ্যমে আরজি কর কাণ্ডের প্রতিবাদও জানাতেও দেখা গিয়েছে গায়িকাকে। আর এর মধ্যেই নিজের জীবনের কিছু অভিজ্ঞতা তুলে ধরলেন। ইতিমধ্যেই মধুবন্তী একটি পোস্ট করে লেখেন, “ছোটবেলা থেকেই খুব দুষ্টু ছিলাম। স্কুল-কলেজের বেশির ভাগ শিক্ষক ভালবাসতেন এবং কিছুটা প্রশ্রয়ও দিতেন। কিন্তু প্রাতিষ্ঠানিক হেনস্থার কবলে আমাকেও পড়তে হয়েছে।”
স্কুল জীবনের অভিজ্ঞতা জানাতে গিয়ে মধুবন্তী বলেছেন, “সাধারণ ভাবেই পিছনের দিকে বসে আমরা খুব অনুচ্চ স্বরে কথা বলছি। ছয়-সাত জন ছেলে এবং আমি একা মেয়ে। বলে রাখা ভাল, আমাদের ক্লাসে ৭০ জন ছেলে এবং আট-নয় জন মেয়ে পড়ত। আমাদের কথার আওয়াজে বিরক্ত হয়ে শিক্ষিকা আমাকে উঠে দাঁড়াতে বললেন এবং সবার সামনে প্রশ্ন করলেন, ‘ছেলেদের সঙ্গে বসতে খুব ভাল লাগে তাই না?’
এক জন মহিলা শিক্ষক হয়ে এক ছাত্রীকে ‘স্লাট শেমিং’ করলেন।” এতেই থেমে নেই, মধুবন্তী অভিযোগ করেছেন যে ওই স্কুলের শিক্ষিকা নাকি তাঁর বন্ধুদের নিষেধ করে দিয়েছিলেন যে তারা কেউ যেন গায়িকার সঙ্গে একসাথে না বসে। এমনকি একইরকম অভিজ্ঞতার শিকার হয়েছিলেন মধুবন্তী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও।


