মুখ্যমন্ত্রীর নির্দেশে বেহাল রাস্তা মেরামতির সিদ্ধান্ত পূর্ত দফতরের
On the instructions of the Chief Minister, the decision to repair the dilapidated roads is taken by the Public Works Department
The Truth Of Bengal: বৃষ্টির জেরে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলার রাস্তার হাল বেহাল হয়েছে। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে পূর্ত দফতরের পক্ষ থেকে একটি রিপোর্ট মুখ্যমন্ত্রীর দফতরে দেওয়া হয়েছে। রিপোর্ট দেখার পরই মুখ্যমন্ত্রী নাগরিক পরিষেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন। সংশ্লিষ্ট দফতর ও প্রশাসনিক আধিকারিকদের অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন। বাংলার মানুষের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিষ্ঠা, ভালবসা নিয়ে নতুন কিছু বলার নেই। নিরন্তর তিনি বাংলার মানুষের জন্য কাজ করে চলেছেন। তাঁর আমলে গ্রাম-বাংলার রাস্তার হাল ফিরেছে। শহরের রাস্তার উন্নতি হয়েছে। মানুষের চলাচল ও পরিবহণ ব্যবস্থার ভরকেন্দ্র হল রাস্তা। সেই রাস্তা টানা বৃষ্টির ফলে বেহাল। নজর এড়ায়নি মানবদরদী মুখ্যমন্ত্রীরও। তাই তিনি কড়া মনোভাব দেখিয়ে দ্রুত রাস্তার হাল ফেরানোর নির্দেশ দিয়েছেন।
মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার পূর্ত দফতর বেহাল রাস্তা নজরে এনে তা মেরামতি করার সিদ্ধান্ত নিল। বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়েতে বৃষ্টির ফলে রাস্তার অনেক জায়গায় ক্ষতি হয়েছে। ভিআইপি রোডেও একই সমস্যা দেখা দিয়েছে। নিত্যযাত্রীদের অসুবিধের পাশাপাশি যানবাহনের গতি কমছে। পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এই দুই রাস্তার মেরামতির জন্য নির্দেশ দেওয়া হয়েছে পূর্ত দফতর থেকে।
পাশাপাশি জেলার রাস্তাগুলির কী অবস্থা, তার রিপোর্ট চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে বুধবার জেলার উচ্চপদস্থ আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স হয়। জেলার রাস্তাগুলি যাতে দ্রুত মেরামতি করা যায়, তার নির্দেশও দেওয়া হয়েছে। তবে আগে রিপোর্ট দিতে বলা হয়েছে বেহাল রাস্তার। বৃষ্টির ফলে ক্ষতি হওয়ার রাস্তাগুলির রিপোর্ট পাওয়ার পরেই দ্রুত মেরামতির কাজে হাত দেওয়া হবে। সামনেই দুর্গাপুজো। পুজোর সময় রাস্তার বেহাল দশা থাকলে দর্শনার্থীদের বিপাকে পড়তে হবে। তাই তার আগে যাতে কলকাতার-সহ রাজ্যের বিভিন্ন জেলায় রাস্তাগুলি সঠিকভাবে মেরামতি হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে বলেই পূর্ত দফতর সূত্রে খবর।






