আন্তর্জাতিক

“সতর্ক থাকুন, অধিক প্রয়োজন ছাড়া কোথাও যাওয়ার কোনো দরকার নেই”, ইজরায়েল-হিজবুল্লাহ উত্তেজনার মাঝে ভারতের নির্দেশ

India orders amid Israel-Hezbollah tensions

The Truth of Bengal : লেবানন-ইজরায়েলের মধ্যেকার সংঘাতের সম্ভাবনা ক্রমশ বেড়েই চলেছে। যেদিন থেকে হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যা করা হয়েছে সেদিন থেকেই উতপ্ত রয়েছে মধ্যপ্রাচ্য। এই পরিস্থিতিতে দেশের নাগরিকদের লেবাননে বেড়াতে যেতে নিষেধাজ্ঞা জারি করল ভারত-কানাডা-অস্ট্রেলিয়া।

এমনকি লেবাননে থাকা ভারতীয়দের উদ্দেশ্যে বেইরুটের ভারতীয় দূতাবাস থেকে সতর্কবার্তাও জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, “সতর্ক থাকুন, অধিক প্রয়োজন ছাড়া কোথাও যাওয়ার কোনো দরকার নেই। আর দূতাবাসের সাথে যোগাযোগ রাখুন।’’ অপর দিকে, কানাডাও দেশের নাগরিকদের ‘দেশে ফিরে আসার’ পরামর্শ দিয়েছে। বলেছে, বর্তমান পরিস্থিতিতে কেউ “বেইরুট ঘুরে দেখার কথা চিন্তাও করবেন না।’’ লেবাননে অবস্থানরত সকল অস্ট্রেলিয়ানের উদ্দেশ্যে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং বলেছেন, যেন অবিলম্বে লেবানন ছেড়ে দেওয়া হয়। তিনি জানান, উত্তেজনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যে কোনও মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে বেইরুটের বিমানবন্দর। আর যদি তা হয় তাহলে  অস্ট্রেলিয়ানদের দেশে ফেরা অসম্ভব হয়ে উঠবে। মঙ্গলবার ইজরায়েলি সেনা হিজবুল্লাহর ফুয়াদ শুকরকে হত্যার কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। তারপর থেকেই এই উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে।

বুধবার হামলাস্থল ঘুরে দেখেন সরকারি আধিকারিকরা সহ লেবাননের মন্ত্রী। তাঁরা আট তলা বাড়ির ধ্বংসাবশেষের সম্মুখে দাঁড়িয়ে হামাস প্রধান ইসমাইল হানিয়াহকে হত্যার জন্যও ইজরায়েলকে দায়ী করেন। তবে ইজরায়েল হামাস প্রধানকে হত্যার দায় এখনও স্বীকার করেনি। “শত্রুপক্ষ যুদ্ধ চাইছে। আমরা এর জন্য প্রস্তুত। ঈশ্বরও বোধহয় তাই চান। আমরা লড়তে রাজি’’ এমনটাই বলেছেন সংসদ সদস্য আলি আম্মার।

বুধবার সকালে এক বৈঠকে বসে লেবাননের মন্ত্রিসভা। সেখানে বৈঠক শেষে সাংবাদিকদের সম্মুখে একটি লিখিত বিজ্ঞপ্তি পাঠ করেন তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই হামলার তীব্র নিন্দা করছি। হিজবুল্লাহর সাথে এমন কিছু হতে পারে তা প্রত্যাশিত ছিল। তবে পরিস্থিতি ক্রমশ নাগালের বাইরে চলে যাচ্ছে।’’ এর সাথে তিনি বলেন, কোন প্রকার যুদ্ধ চায় না সরকার। লেবানন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কূটনৈতিক পথেই এগিয়ে চলবে।