রবিবার থেকে বাংলাদেশে ফিরছে 4G ইন্টারনেট!
4G Internet is returning to Bangladesh from Sunday!

The Truth of Bengal: আবারো ধীরে ধীরে পুরানো ছন্দে ফিরছে বাংলাদেশ। ১০ দিন পর রবিবার বিকেল তিনটে থেকে অবশেষে মোবাইলে ফোরজি ইন্টারনেট পরিষেবা ফিরছে বাংলাদেশে। রবিবার ওপার বাংলার ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ বিষয়ে জানিয়েছেন।
এদিন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এবং মোবাইল অপারেটর অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এর সাথে বৈঠকে বসে প্রতিমন্ত্রী, তার পরেই এ সিদ্ধান্তে আসা হয়। প্রতিমন্ত্রী পলক জানান, “সাম্প্রতিক সময়ের মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার পর আজ থেকে সংযোগ চালু হচ্ছে। মোবাইল ইন্টারনেট গ্রাহকরা তিনদিনের জন্য ৫ জিবি ইন্টারনেট বোনাস পাবেন। সব অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন।” ২৩ জুলাই থেকে সীমিত পরিসরে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা। কিন্তু এখনও বন্ধ ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও টিকটক।
বলে রাখা ভালো, বাংলাদেশের আন্দোলনে রক্তাক্ত হয়েছে ওদেশের নানা প্রান্ত। ওপার বাংলার শাসকদলের অভিযোগ, এই আন্দোলনের নেপথ্যে রয়েছে জামাত ও বিএনপি দলের উসকানি ও সশস্ত্রভাবে অংশগ্রহণ। যে কারণে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ২০০-র উপর মানুষ। পরিস্থিতি সামলাতে জুলাই ১৭ রাত থেকে ওদেশে বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট পরিষেবা। ব্রডব্যান্ড পরিষেবাও ১৮ জুলাই থেকে বন্ধ করে দেওয়া হয়। এবার আন্দোলন নিয়ন্ত্রনে আসতেই চালু হচ্ছে মোবাইল ফোরজি ইন্টারনেটও।






