রাজ্যের খবর

পুরসভার আদলে এবার গ্রাম পঞ্চায়েত এলাকায় অনলাইনে সংগ্রহ করা হবে সম্পত্তিকর?

Property tax will be collected online in village panchayat areas on the pattern of municipalities

The Truth Of Bengal: এবার পঞ্চায়েত স্তরেও অনলাইনে সম্পত্তিকর আদায়ের প্রক্রিয়া চালু করতে যাচ্ছে রাজ্যের পঞ্চায়েত দফতর। রাজ্যের পুরসভাগুলির মতোই গ্রাম পঞ্চায়েত তথা বিডিয়ো অফিসে অনলাইনে সম্পত্তিকর নেওয়ার ব্যবস্থা করা হবে। বছরের শুরু থেকে গ্রাম পঞ্চায়েত স্তরে এই বিষয়ে আলোচনা শুরু করেন পঞ্চায়েত দফতরের শীর্ষ আধিকারিকেরা। কোন গ্রামীণ এলাকায় কী ধরনের পরিকাঠামো প্রয়োজন, সেই নিয়ে ব্লক ও গ্রাম পঞ্চায়েত অফিসগুলির পরিস্থিতি যাচাই করা হয়।

লোকসভা ভোট মিটে যেতে আবার গ্রামীণ প্রশাসনে অনলাইনে সম্পত্তিকর আদায় করার বিষয় অগ্রসর হয়েছে পঞ্চায়েত দফতর। ইউপিআই নির্ভর লেনদেন পদ্ধতির মাধ্যমে গ্রামীণ জনতা পঞ্চায়েত অফিসে থাকা কিউআর কোড স্ক্যান করে সম্পত্তিকর জমা দিতে পারবেন। পঞ্চায়েত দফতরের আধিকারিকদের মতে, এই নতুন পদ্ধতি চালু হলে উপকৃত হবেন রাজ্যের প্রায় সাত কোটি মানুষ। বর্তমানে পঞ্চায়েত এলাকায় ট্রেড লাইসেন্স, বিল্ডিং প্ল্যান-সহ বিভিন্ন কাজ অনলাইনে হলেও সম্পত্তিকর আদায় এখনও অফলাইনে করা হয়। এবার সেই ব্যবস্থাও অনলাইনে রূপান্তরিত করা হচ্ছে।
নতুন এই পদ্ধতি প্রসঙ্গে পঞ্চায়েত দফতরের এক আধিকারিক বলেন, ‘‘এই নিয়ম চালু হয়ে গেলে পঞ্চায়েত দফতর কেন্দ্রীয় ভাবে সম্পত্তিকর সংগ্রহের উপর নজরদারিও চালাতে পারবে। সঙ্গে মনে করা হচ্ছে রাজস্ব আদায়ও অনেকটাই বাড়ানো যাবে। আর সব কর আদায়ের ক্ষেত্রেই রাজ্য সরকার অনলাইন পদ্ধতিকে বেশি সুবিধাজনক মনে করছে। তাই এ ক্ষেত্রেও সেই পদ্ধতিই চালু করা হচ্ছে।’’ গ্রামীণ জনতাকে অনলাইনে সম্পত্তিকর প্রদান করতে তিন কিস্তিতে কর দেওয়ার সুবিধাও দেওয়া হবে। যাতে পঞ্চায়েত স্তরে নতুন এই পরিষেবা দ্রুত জনপ্রিয় হয়ে উঠতে পারে।

Related Articles