অনলাইনে পিস্তল তৈরি শিখে বাড়িতেই অস্ত্র কারখানা! গ্রেফতার দশম শ্রেনির ছাত্র
Class 10 student arrested for learning to make pistols online and making weapons at home

Truth Of Bengal: দশম শ্রেণির এক ছাত্রের বাড়িতে গোপনে চলছিল অস্ত্র তৈরির কারখানা! অনলাইনে দেশি পিস্তল তৈরির পদ্ধতি শিখে একাই গড়ে তুলেছিল পুরো অস্ত্র নির্মাণের ব্যবস্থা। শুধু তৈরি করাই নয়, এই ছাত্র ব্যবসাও চালাচ্ছিল রমরমিয়ে। প্রায় এক বছর ধরে চলা এই বেআইনি কারবারের পর অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হল সে।
ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের জলন্ধরের কোট মহল্লা এলাকায়। পুলিশ দীর্ঘদিন ধরেই সন্দেহ করছিল যে কোথাও বেআইনি অস্ত্র তৈরি হচ্ছে। সম্প্রতি একাধিক অপরাধীর কাছ থেকে দেশি পিস্তল উদ্ধার হওয়ার পর প্রশাসন আরও তৎপর হয়ে ওঠে। তদন্তে জাল বিছিয়ে শেষমেশ ধরা পড়ে ওই কিশোর।
পুলিশ তার বাড়িতে হানা দিয়ে যা দেখল, তাতে চমকে উঠতে হয়। উদ্ধার হয়েছে ১০টি দেশি পিস্তল, লোহা কাটা মেশিন, ড্রিল মেশিন, এবং আরও বহু অস্ত্র তৈরির সরঞ্জাম। এছাড়াও, বাজেয়াপ্ত করা হয়েছে একটি নম্বর প্লেটবিহীন স্কুটার, যা অস্ত্র সরবরাহের কাজে ব্যবহৃত হত বলে পুলিশের ধারণা।
জিজ্ঞাসাবাদে নাবালক জানিয়েছে, সে অনলাইনে পিস্তল তৈরির ট্রেনিং নিয়েছিল। এরপর ১১ মাস আগে নিজের ঘরেই গড়ে তোলে অস্ত্র কারখানা। তবে এত ছোট বয়সে সে একাই এই কারবার চালাতে পারেনি বলে মনে করছে পুলিশ।
তদন্তকারীদের ধারণা, এর পেছনে কোনো বড় মাফিয়া চক্র রয়েছে, যারা এই নাবালককে ব্যবহার করছিল। আপাতত ওই কিশোরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ খুঁজে দেখছে, এই অস্ত্র কারবারের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে এবং কোথায় কোথায় এই অবৈধ অস্ত্র সরবরাহ করা হত।






