ভোটের তিন আগে শওকত মোল্লাকে তলব CBI-এর, সময় চেয়ে এড়ালেন হাজিরা
CBI summons Shaukat Mollah three days before the polls, Hajira avoids his appearance

The Truth Of Bengal : ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লাকে তলব করল সিবিআই। কয়লা পাচার-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিজাম প্যালেসে ডাকা হয়। তবে জানা গিয়েছে, তলব করা হলেও এখনই হাজিরা দিতে যাচ্ছেন না শওকত। তিনি সিবিআই-এর কাছে সময় চেয়েছেন। আগামি শনিবার শেষ দফার ভোট। তার আগে শওকত মোল্লাকে তলব করার ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস।
ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা আবার ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক। দুটি লোকসভা এলাকায় তাঁর মতো নেতার গুরুত্ব আছে অন্যরকম। বিশেষ করে যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙড় তৃণমূলের সব চেয়ে বেশি লীড দেওয়া একটি বিধানসভা এলাকা। এবার শওকত মোল্লার ওপর আছে সেই লিড ধরে রাখার গুরুদায়িত্ব। এমন অবস্থায় তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করার বিশেষ উদ্দেশ আছে বলে দাবি তৃণমূলের।
জানা যাচ্ছে, শওকত মোল্লাকে বুধবারই নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছিল। মঙ্গলবার তাঁর কাছে সিবিআই-এর চিঠি আসে। কিন্তু, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শওকত বুধবার হাজিরা দেননি। তিনি সিবিআই-কে জানান, নির্বাচনের কারণে তিনি এই মুহূর্তে ব্যস্ত আছেন। তাই ভোট মিটলে হাজিরা দেবেন। আগামী ৪ জুন ভোটের ফল বের হবে। শওকত ৪ জুন পর্যন্ত সময় চেয়েছেন।





