কলকাতা

রাজ্যের ভাতা প্রাপকদের জন্য বিরাট সুখবর! আরও ৫০০ টাকা বাড়ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Truth of Bengal: রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পে ফের বাড়ছে আর্থিক সহায়তার পরিমাণ। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য দেওয়া মাসিক অনুদান আরও ৫০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর ফলে যোগ্য উপভোক্তারা মাসে ২ হাজার টাকা করে পাবেন। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই তিনটি প্রকল্পের ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়েছিল। আগস্ট মাস থেকে সেই বর্ধিত অর্থ পাওয়ার কথা। এবার তার উপর আরও ৫০০ টাকা বৃদ্ধির ঘোষণা করল সরকার।

তবে নতুন হারে ২ হাজার টাকা ভাতা এখনই সকলের অ্যাকাউন্টে ঢুকবে না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উপভোক্তাদের তথ্য ও যোগ্যতা যাচাই করার পরই নতুন অঙ্কের ভাতা দেওয়া হবে। অর্থাৎ, কারা প্রকৃত সুবিধাভোগী, তা খতিয়ে দেখেই চূড়ান্ত তালিকা তৈরি করবে প্রশাসন। একই সঙ্গে বার্ধক্য, বিধবা ও বিশেষ ভাবে সক্ষমদের ভাতার ক্ষেত্রে আগের সরকারের সময়ে জমা পড়া আবেদনপত্র বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে যাঁরা আগেই আবেদন করে রেখেছিলেন, তাঁদেরও ফের নতুন করে আবেদন করতে হবে। প্রশাসনিক সূত্রের খবর, নতুন আবেদন জমা পড়ার পর প্রতিটি আবেদনকারীর তথ্য যাচাই করা হবে। আর্থিক অবস্থা, বয়স, প্রয়োজনীয় নথি এবং প্রকল্পের অন্যান্য শর্ত পূরণ হচ্ছে কি না, তা খতিয়ে দেখবে সংশ্লিষ্ট দফতর। সেই যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পরই যোগ্যদের নতুন হারে ভাতা দেওয়া হবে।

নির্বাচনের আগে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিতে আর্থিক সহায়তা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সরকার গঠনের পর প্রথম ধাপে ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয় ভাতার পরিমাণ। এবার আরও ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা করায় মাসিক সহায়তা পৌঁছবে ২ হাজার টাকায়। তবে নতুন আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে এবং ঠিক কোন মাস থেকে বর্ধিত ২ হাজার টাকা দেওয়া হবে, সে বিষয়ে প্রশাসনের বিস্তারিত নির্দেশিকার দিকেই এখন নজর উপভোক্তাদের।

Related Articles