কলকাতা

জনতার দরবারে নাতিকে কোলে নিয়ে বৃদ্ধা! পার্ক স্ট্রিট বিতর্কে পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

সীতাদেবীর সাথে সরাসরি কথা বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন যে, তাঁদের আর ফুটপাথে দিন কাটাতে হবে না।

Truth of Bengal: পার্ক স্ট্রিটের ফুটপাথে নাতির জন্য দুধ গরম করাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে অবশেষে ইতি টানলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সল্টলেকের ‘জনতার দরবারে’ এক খুদে সন্তানকে কোলে নিয়ে উপস্থিত হন বরানগরের বিধায়ক সজল ঘোষ ও ফুটপাথবাসী সীতাদেবী। সীতাদেবীর সাথে সরাসরি কথা বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন যে, তাঁদের আর ফুটপাথে দিন কাটাতে হবে না।

রাজ্য সরকার তথা কলকাতা পুরসভার মাধ্যমে দ্রুত তাঁদের জন্য স্থায়ী বাসস্থানের বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। একই সাথে মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখার জন্য সীতাদেবীকে ধন্যবাদও জানান তিনি।

সংবাদমাধ্যমের সামনে শুভেন্দু অধিকারী জানান, ফুটপাথ কখনোই বসবাসের স্থায়ী জায়গা হতে পারে না এবং বর্তমান বিজেপি সরকার সকল সাধারণ মানুষের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এ প্রসঙ্গে বিগত সরকারগুলির সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, এতগুলো বছর যাঁরা ক্ষমতায় ছিলেন বা যাঁরা এখন সোশ্যাল মিডিয়ায় ছড়া-কবিতা লিখছেন, তাঁরা কেন এতদিন এই নিঃস্ব পরিবারের খোঁজ নেননি? উল্লেখ্য, সম্প্রতি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের বাধাদানের ভিডিও ঘিরে বিতর্ক তৈরির পর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারটির দায়িত্ব নেওয়ার কথা বলেছিলেন। তার পাল্টা জবাব দিয়ে এবং বাস্তবে সীতাদেবীর মাথার ওপর ছাদের বন্দোবস্ত করে দিয়ে রাজনীতিতে মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Related Articles