বিনোদন

রূপম-বনির যৌথ প্রচেষ্টায় তৈরি দাবাড়ুর টাইটেল ট্র্যাক, কীভাবে তৈরি হল এই গানটি তাই জানুন গানের নেপথ্য কাহিনিতে

Directed by Pathikrit Basu, Dabaru will release on the big screen on May 10

The Truth Of Bengal :  পথিকৃৎ বসুর পরিচালনায় আগামি ১০মে বড় পর্দায় মুক্তি পাবে দাবাড়ু। উইনডোজ প্রযোজিত এই ছবিটি হতে চলেছে কলকাতার গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবনের উপর আধারিত। অতি সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে কী ভাবে সূর্যশেখর গঙ্গোপাধ্যায় গ্র্যান্ডমাস্টার হয়ে ওঠে তার কথা বলবে দাবাড়ু। সম্প্রতি মুক্তি পেল ছবির টাইটেল ট্র্যাক। গানের শুরুতেই দেখা যায় নাতিকে হাতে ধরে দাবা খেলা শিখিয়েছেন দাদু। ছোট্ট বয়সেই দাদুর সঙ্গে খেলে দাবার সঠিক চাল রপ্ত করেছিলেন সূর্য। যা তাঁকে দাবাড়ু হয়ে উঠতে সাহায্য করে। তাই গানের কথা ‘দাবার চালে খেলা ঘুরবে’ টাইটেল ট্র্যাক শুরুর প্রথম লাইনেই ঝড় তুলেছেন রূপম ইসলাম।

‘আড়াই চালে ঘোড়া ছুটবে, রাজা-মন্ত্রী দ্বন্দ বিরোধীতায় নতুন ভোরের আলো ফুটবে। আসল খেলা এবার জমবে…’। এই গানে রূপমের সঙ্গী হয়েছেন সংগীতশিল্পী বনি চক্রবর্তী। এই প্রথমবার রকস্টার রূপমের সঙ্গে কাজ করলেন তিনি বলে জানিয়েছেন বনি চক্রবর্তী। বহুদিন ধরে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল তাঁর। দাবাড়ুর মধ্যে তাঁর সেই ইচ্ছে পূরণ হয়েছে বলে জানালেন শিল্পী বনি চক্রবর্তী। অন্যদিকে রূপমকে আমরা রকস্টার বললেও রূপম মনে করেন তাঁর পার্টনার বনিই আসল রকস্টার। ফলে দুই রকস্টারের সুরের মেলবন্ধনে তৈরি হয়েছে দাবাড়ুর টাইটেল ট্র্যাকটি। এই গানের প্রতিটি লাইন ইতিমধ্যেই মন ছুঁয়েছে দর্শকের।

সেই লড়াইয়ের প্রতিচ্ছবি উঠে এল ছবির টাইটেল ট্র্যাকের প্রতিটি ছত্রে। বনি চক্রবর্তী ও রূপম ইসলামের কন্ঠে দাবাড়ু হয়ে ওঠার জন্য সূর্যের অদম্য জেদ ফুটে উঠল। বিশেষকরে রূপম ইসলামের প্রত্যয়ী কন্ঠে এই গানের প্রখরতা আরও বেড়ে ওঠে। গানের প্রতিটা লাইনে জীবনে চড়াই-উৎরাইয়ের মাঝেও অদম্য জেদ কী ভাবে সূর্যকে তাঁর স্বপ্নপূরণের পথে এগিয়ে নিয়ে গিয়েছিল তারই নির্যাস রয়েছে দাবাড়ুর টাইটেল ট্র্যাকে। ইতিমধ্যেই দর্শক ও শ্রোতার মন ভেজালো দাবাড়ুর এই টাইটেল ট্র্যাকটি।

Related Articles