The Truth of Bengal: আবারও গাড়ির ধাক্কায় মৃত্যু হল ফেনীতে। সোমবারে ফেনীতে দ্রুতগামী গাড়ির ধাক্কায় প্রাণ যায় বছর ৬০-এর এক ব্যক্তির। জানা গেছে, এদিন দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কসকা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটেছে। আর এই নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে থানা-পুলিশ জানায়, সোমবার দুপুর ১২টার দিকে ফেনী সদর উপজেলার মহাসড়কে একটি দ্রুতগামী গাড়ি একজন পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি, এই বিষয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ খান চৌধুরী জানিয়েছেন, দেহটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।






