দেশ

Gujrat: বন্ধুকে হারাতে রাস্তায় রেস, প্রাণ গেল দুই নিরীহ পথচারীর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বন্ধুর সঙ্গে একটি ব্যস্ত রাস্তায় রেস দেওয়ার চ্যালেঞ্জে নামেন হর্ষরাজ।

Truth of Bengal:  রেসের নেশায় প্রাণ গেল দু’জনের, অভিযুক্ত গুজরাট পুলিশের অফিসারের ছেলে। বাজি ধরে রাস্তায় ঝড় গতিতে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা, মৃত দুই পথচারী, আহত আরও দুই বাইক আরোহী। গুজরাটের ভাবনগরে চাঞ্চল্যকর এই ঘটনার জেরে ফের প্রশ্নের মুখে সড়ক নিরাপত্তা।

[আরও পড়ুনঃ M-Parivahan App: ট্রাফিক ফাইন দেখিয়ে মোবাইলে ঢুকছে APK ভাইরাস! হোয়াটসঅ্যাপে ক্লিকেই উধাও লক্ষ টাকা]

বন্ধুর সঙ্গে রাস্তায় গাড়ি ছোটানোর বাজি ধরে প্রাণ কেড়ে নিল দুই পথচারীর। অভিযুক্ত হর্ষরাজ সিংহ গোহিল, যিনি ভাবনগর পুলিশের অপরাধ দমন শাখার অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর অনুরুদ্ধ সিংহ বাজুভা গোহিলের ছেলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বন্ধুর সঙ্গে একটি ব্যস্ত রাস্তায় রেস দেওয়ার চ্যালেঞ্জে নামেন হর্ষরাজ। কালিয়াবীড় এলাকার ওই রাস্তাটি সর্বক্ষণ যানবাহনে ঠাসা থাকে। বিকেল চারটে নাগাদ শুরু হয় সেই ভয়াবহ রেস। ঘণ্টায় ১২০ থেকে ১৫০ কিলোমিটার বেগে ছুটছিল হর্ষরাজের এসইউভি। কিছু দূর যেতেই তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারান। এরপরেই মুহূর্তেই ওই গাড়ি পিষে দেয় দুই পথচারীকে। ধাক্কা মারেন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই বাইকআরোহীকেও। আহত হন তাঁরা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িও।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩০ বছরের ভর্গব ভট্ট এবং ৬৫ বছরের চম্পাবেন বচানির। বছরখানেক আগেই বিয়ে হয়েছিল ভর্গবের। প্রতিদিনের মতোই কাজে যাচ্ছিলেন, আর তখনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গাড়ি চালানো ও গাড়ির রেসিং হর্ষরাজের পুরনো নেশা। আগেও বহুবার বন্ধুদের সঙ্গে এমন রেসে অংশ নিয়েছেন তিনি। কিন্তু এদিনের চ্যালেঞ্জ কেড়ে নেয় দুটি নিরীহ প্রাণ। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন হর্ষরাজের বাবা, এএসআই অনুরুদ্ধ সিংহ। তিনি নিজেই ছেলেকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে জানিয়েছে সূত্র। এই ঘটনায় শহরে শোকের ছায়া নেমেছে। পুলিশ হর্ষরাজকে গ্রেফতার করেছে। মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে—রাস্তায় এমন বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা কবে থামবে।

Related Articles