রাজ্যের খবর

স্কুলের গণ্ডিতে পা রাখলেই অভিভাবকদের কাছে পৌঁছে যাবে হাজিরার তথ্য

Digital attendance for Student

The Truth of Bengal: বর্তমান সময়ে প্রযুক্তির হাত ধরে আরও এগিয়ে চলেছে সমাজ। এবার সেই প্রযুক্তির সুফল পৌঁছে গেল স্কুলে। সন্তান স্কুলে পৌঁছে গিয়েছে কিনাতা বাড়ি বসেই জানতে পারবেন অবিভাবক। প্রযুক্তিকে হাতিয়ার করে ডিজিটাল অ্যাটেনডেন্স চালু করতে চলেছে হাওড়ার বাঁকড়ার মোবারক হোসেন বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ। স্কুলের গণ্ডিতে পা রাখলেই ছাত্রীর অভিভাবক জেনে আশ্বস্ত হবেন সন্তান স্কুলে পৌঁছে গিয়েছে।

এমনই অভিনব ভাবনা বাস্তবে রূপ দিতে চলেছে স্কুল কর্তৃপক্ষ। বর্তমান সময়ে মেয়েদের নিরাপত্তা নিয়ে সংবাদ মাধ্যমে নানা ধরনের খবর উঠে আসে। বাড়ি থেকে বেরিয়ে স্কুলে না প্রবেশ করা পর্যন্ত অভিভাবকরা চিন্তায় থাকেন। অভিভাবকদের সেই চিন্তা দূর হতে চলেছে এমন ব্যবস্থায়। স্কুলের নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেলে ছাত্রীর কাছে থাকা কার্ড-এর মাধ্যমে সেন্সর তথ্য গ্রহণ করবে। ছাত্রীর উপস্থিতি নথিভুক্ত হয়ে যাবে।

ওই ছাত্রীর স্কুলে উপস্থিতির বার্তা পৌঁছে যাবে অভিভাবকের কাছে। স্কুলে এই ব্যবস্থা চালু হওয়ার অনুষ্ঠানে ছিলেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। তিনি জানিয়েছেন, জেলার মধ্যে এমন ব্যবস্থা আর কোনও স্কুলে নেই। স্কুলটিতে মোট ছাত্রীর সংখ্যা ১০০০। উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা চলে এখানে। ছাত্রীদের জন্য স্কুল পরিচালন কমিটি সকলের সঙ্গে আলোচনা করে এই অত্যাধুনিক ব্যবস্থা গড়ে তুলতে চলেছে। সন্তানদের স্কুলে পৌঁছনো ও স্কুল থেকে বেরিয়ে যাওয়ার সমস্ত তথ্য বাড়ি বসে জানতে পারবেন অবিভাবকরা।

Related Articles