ফ্রান্সে আটকে থাকা ভারতীয় যাত্রীদের বিমান ভারতে পৌঁছেছে
The flight of Indian passengers stranded in France has arrived in India

The Truth Of Bengal : ফ্রান্সের ভাত্রি বিমানবন্দরে মানব পাচার সন্দেহে আটকে রাখা বিমানটি অবশেষে ভারতে পৌঁছেছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে রোমানীয় কোম্পানি লিজেন্ড এয়ারলাইনসের ফ্লাইটটি ২৭৬ যাত্রী নিয়ে মুম্বাই বিমানবন্দরে অবতরণ করে। গত শুক্রবার জ্বালানি নিতে ফ্রান্সের ভাত্রি বিমানবন্দরে অবতরণ করার পর মানব পাচার সন্দেহে বিমানটিকে চার দিন আটকে রাখা হয়। বিমানটিতে ৩০৩ ভারতীয় যাত্রী ছিলেন। তবে আশ্রয়ের জন্য আবেদন করার পর দুই নাবালকসহ ২৫ জন ফ্রান্সে রয়ে গেছেন।
এ ছাড়া তদন্তের জন্য দুই সন্দেহভাজনকে ফ্রান্সে রাখা হয়েছে। অবশ্য অন্য দুজনকে খালাস দিয়েছেন আদালত। উড়োজাহাজটি অবতরণের পর দিন ২২ ডিসেম্বর ওই যাত্রীদের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল। এযাত্রায় তাঁদের ‘ভূমিকা’ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে কর্তৃপক্ষ। সংবাদমাধ্যমগুলো জানায়, অজ্ঞাত সূত্র থেকে ভাত্রি বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল, বিমানটিতে মানব পাচারের শিকার মানুষেরা থাকতে পারেন। এ খবর পাওয়ার পর যাত্রীসহ বিমানটিকে বিমানবন্দরে আটকে রাখা হয়। পরে গত রোববার ফরাসি কৌঁসুলিরা বিমানটিকে ওড়ার ছাড়পত্র দেন। ফ্লাইটটি কেন পুনরায় নিকারাগুয়ায় না গিয়ে মুম্বাইয়ে গেল, তা স্পষ্ট নয়।
এ ছাড়া মানব পাচারের বিষয়টি কর্তৃপক্ষ ‘নিশ্চিত’ হয়েছে কি না, তা–ও জানা যায়নি। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানাযায়, বিমানটিতে থাকা ভারতীয় যাত্রীরা সম্ভবত সংযুক্ত আরব আমিরাতে শ্রমিক হিসেবে কাজ করতেন। যুক্তরাষ্ট্র কিংবা কানাডায় পাড়ি জমানোর স্বপ্ন নিয়ে তাঁরা নিকারাগুয়ার উদ্দেশে যাত্রা করেছিলেন। এই যাত্রীদের এক-তৃতীয়াংশ ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের বাসিন্দা বলে জানা গেছে। ফরাসি কৌঁসুলিদের তথ্য অনুযায়ী, বিমানটিতে এমন ১১ শিশুকে পাওয়া গেছে, যাদের সঙ্গে অভিভাবক বা সঙ্গী ছিল না।
FREE ACCESS






